হবিগঞ্জে ধর্ষণ ও হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড
প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা
ছবি: সংগৃহীত
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ০০:২৪
হবিগঞ্জের নবীগঞ্জে আলোচিত এক ধর্ষণ ও হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ৩টায় হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের মিরাশ উদ্দিনের ছেলে খলিল উদ্দিন (৩০) ও ইশ্বাদ উল্লার ছেলে গোলাম হোসেন (৩৫)। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম।
আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২৬ ডিসেম্বর রাত ১১টার দিকে আসামিরা একই গ্রামের এক নারীকে ধর্ষণের পর হত্যা করে। পরে নবীগঞ্জ উপজেলার একটি রাস্তার পাশে হাত-পা বেঁধে ধানের জমিতে লাশ ফেলে যায় তারা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনার পরদিন নিহতের বাবা বাদী হয়ে খলিল উদ্দিন ও গোলাম হোসেনকে আসামি করে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত করে এ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। রাষ্ট্রপক্ষে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল আসামিদের উপস্থিতিতে বিচারক এ দণ্ডাদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম বলেন, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। দ্রুত রায় বাস্তবায়নের দাবি করছি।
- বিষয় :
- ধর্ষণ
- মৃত্যুদণ্ড