ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

‘তুই ফ্যাসিস্ট- ১৩ লাখ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’

‘তুই ফ্যাসিস্ট- ১৩ লাখ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
×

ছবি-সংগৃহীত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৫১

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাতটি ভাড়াঘরের দরজা, জানালা ও টিন গ্যাস কাটার দিয়ে কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শনিবার রাতে ও রোববার দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভাড়াঘরগুলোর মালিক মোহাম্মদ বাবুল খানের দাবি, ১৩ লাখ টাকা চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তরা এ লুটপাট চালিয়েছে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলেও অভিযোগ তাঁর।

রোববার দুপুরে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে কেটে ফেলা লোহার অ্যাংগেল, টিন, এলপি গ্যাসের বোতল, অক্সিজেনসহ কাটিংয়ের বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।

ভুক্তভোগী বাবুল খান বলেন, অস্ত্রধারী সন্ত্রাসীরা তাঁকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ১৩ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে ভাড়াঘরগুলো দখলে নেওয়ার কথাও জানানো হয়। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভাড়াঘরগুলোতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় সিসিটিভি ক্যামেরাও ভেঙে দেওয়া হয়।

বাবুল খান আরও বলেন, ‘তুই ফ্যাসিস্ট, ১৩ লাখ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’ বলে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। ঘটনার দুই দিন আগে অস্ত্রধারীদের বিষয়ে সীতাকুণ্ড মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েও পুলিশের সহযোগিতা পাননি বলে দাবি তাঁর। বর্তমানে পরিবার ও সন্তানদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও জানান তিনি।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুবেল আফ্রাদ বলেন, খবর পেয়ে রোববার দুপুরে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় লোহা কাটার অক্সিজেন, এলপি গ্যাসসহ কাটিং যন্ত্র এবং ভাড়াঘরের কিছু টিন ও অ্যাংগেল জব্দ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর ভাড়াঘরগুলো ভাঙার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, ভাড়াঘরগুলো বাবুল খান নামে এক ব্যক্তির বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরও পড়ুন

×