ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জে ইউএনওর গাড়িতে কাভার্ডভ্যানের ধাক্কা, আহত ২

হবিগঞ্জে ইউএনওর গাড়িতে কাভার্ডভ্যানের ধাক্কা, আহত ২
×

ক্ষতিগ্রস্ত গাড়ি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৪৮ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৫৩

হবিগঞ্জের মাধবপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সরকারি গাড়িতে ফ্রেশ কোম্পানির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন আহত হয়েছেন। এ ঘটনায় ইউএনওর সরকারি গাড়ি ছাড়াও স্থানীয় ব্যবসায়ী দিলীপ রায়ের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সাহেববাড়ি গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউএনও মো. মেহেদী হাসান সরকারি কাজে মাধবপুর থেকে হবিগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ফ্রেশ কোম্পানির কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ইউএনওর গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে ইউএনওর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। একই ঘটনায় মাধবপুর বাজারের ব্যবসায়ী দিলীপ রায়ের আরেকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল জানান, খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ইউএনওর গাড়িটি দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখেন। বড় ধরনের বিপদ থেকে অল্পের জন্য ইউএনও প্রাণে রক্ষা পেয়েছেন।

দুর্ঘটনার পর ফ্রেশ কোম্পানির কাভার্ডভ্যানটি এবং এর চালক ও হেলপারকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

×