ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’

গাইবান্ধায় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন বিয়াম ল্যাবরেটরি

গাইবান্ধায় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন বিয়াম ল্যাবরেটরি
×

ছবি: সমকাল

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:৫৯ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ০০:০০

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে দেশের সবচেয়ে বড় সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসব। রোববার দিনব্যাপী বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আয়োজিত এই উৎসবে জেলার সেরা আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতাপূর্ণ এই বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আয়োজক প্রতিষ্ঠান বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং রানার্সআপ হয়েছে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়।

রোববার সকাল ১০টায় এই বিতর্ক উৎসবের উদ্বোধন করেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেদায়েতুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশীদ। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে প্রথম আলো, একাত্তর টিভি, আরটিভি ও দেশ রূপান্তরসহ বিভিন্ন গণমাধ্যমের জেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সমকালের গাইবান্ধা প্রতিনিধি ও বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা সমন্বয়ক মাসুম লুমেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটির মডারেটর ছিলেন বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ফাতেমা ইয়াসমিন এবং উপস্থাপনায় ছিলেন সহকারী শিক্ষক মনজুরুল ইসলাম। 

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন গাইবান্ধা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মশিউর রহমান এবং দর্শন বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম জিল্লুর রহমান।

সকাল ১১টায় বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মধ্যকার প্রথম পর্বের প্রতিযোগিতার মধ্য দিয়ে মূল বিতর্ক শুরু হয়। পর্যায়ক্রমে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স স্কুল, নুরুল হক মডার্ন উচ্চ বিদ্যালয়, আমার বাংলা মাধ্যমিক বিদ্যালয়সহ মোট আটটি দল বিতর্কে অংশ নেয়। 

চূড়ান্ত পর্বে বিচারকদের রায়ে সুমাইয়া আক্তার শিমু, সইয়ারা সাহানাজ সিনহা ও ফাতেমা সুলতানার সমন্বয়ে গঠিত বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ দল চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে, এ এস এম আরশ সালেহীন, তাজওয়ার তাওহীদ শুভ্র ও নুহাহিদ মুনকাদিরকে নিয়ে গঠিত গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় দল রানার্সআপ নির্বাচিত হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তার পুরস্কার অর্জন করেন রানার্সআপ দলের সদস্য এ এস এম আরশ সালেহীন। 

অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের বিতার্কিকদের হাতে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আরও পড়ুন

×