বিএফএফ ও সমকালের যৌথ উদ্যোগ
চাঁপাইনবাবগঞ্জে ১৯ দলের অংশগ্রহণে বিজ্ঞান বিতর্ক উৎসব
চ্যাম্পিয়ন ফুলকুঁড়ি ইসলামিক একাডেমি
ছবি: সমকাল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ০১:৫০
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’—এ স্লোগানে জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল রোববার সকালে এ বিতর্ক উৎসব শুরু হয়। আয়োজনে সহযোগী হিসেবে ছিল শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।
দিনব্যাপী এ বিতর্ক উৎসবে মেতেছিল জেলার সেরা ১৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। উৎসবের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন। আমন্ত্রিত অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. বিপ্লব কুমার মজুমদার এবং আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ মোজহারুল ইসলাম।
সমকালের জেলা প্রতিনিধি ও সুহৃদ সমাবেশ চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক এ কে এস রোকনের তত্ত্বাবধানে এ বিতর্ক উৎসবে শিবগঞ্জ উপজেলা থেকে ১২টি, গোমস্তাপুর থেকে ৪টি এবং সদর উপজেলা থেকে ৩টি দল অংশগ্রহণ করে। বিচারক হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক ওয়ালিল মোহাম্মদ তূর্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক নিলয় সাহা, শিবগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা মামুন, একই কলেজের প্রভাষক আশরাফুল ইসলাম, কানসাট সোলেমান ডিগ্রি কলেজের প্রভাষক ইসরাত জাহান লাবনী এবং একই কলেজের সহকারী অধ্যাপক আবুল বাসার।
প্রতিযোগিতায় ২০টি দলের মধ্যে ১৯টি অংশ নেয়। সেগুলো হলো—শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল, সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, ফ্রিডম স্কুল অ্যান্ড কলেজ, হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়, রানিহাটি উচ্চ বিদ্যালয়, ধোবড়া আনক উচ্চ বিদ্যালয়, কানসাট ইউনিয়ন অ্যান্ড মহিদুর রহমান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, শ্যামপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়, মোবারকপুর উচ্চ বিদ্যালয়, বিনোদপুর উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি হরিমোহন স্কুল, নবাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, ফুলকুঁড়ি ইসলামিক একাডেমি, রহনপুর তোজাম্মেল হোসেন একাডেমি, রহনপুর আহম্মাদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়।
দীর্ঘ বিতর্কের পর বিচারকদের রায়ে ফুলকুঁড়ি ইসলামিক একাডেমি ২০২ নম্বর পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল ১৯৪ নম্বর পেয়ে রানারআপ হয়। বিতর্কে শ্রেষ্ঠ বক্তা হয়েছে ফুলকুঁড়ি ইসলামিক একাডেমির মো. জিহাদ আলী। চ্যাম্পিয়ন দলের বিতার্কিকেরা হলেন ফাহমিদা ইসলাম রিফা, মো. জিহাদ আলী ও মালিহা আনজুম। অন্যদিকে রানারআপ দলের বিতার্কিকেরা হলেন কারিবুল হক রাজিন, ফয়সাল আহম্মেদ ও সায়ম আলী।
এদিকে বিতর্ক উৎসবের প্রধান অতিথি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ আকস্মিক সরকারি কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তাই তার সম্মাননা স্মারকটি পৌঁছে দেওয়ার জন্য শিবগঞ্জ উপজেলা সুহৃদ সমাবেশের সদস্য আব্দুল বাতেনের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য খাদ্য, শৃঙ্খলা ও পরিচালনা বিভাগের ৯ জন সুহৃদকে একটি করে মগ উপহার দেওয়া হয়।
এ ছাড়া সামাজিক কাজের জন্য প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আকবর হোসেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমন্ত্রিত তিন অতিথি অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার, অধ্যক্ষ ড. সৈয়দ মোজহারুল ইসলাম, আব্দুল মতিন, সুহৃদ সমাবেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট আনন্দ শংকর রায় চৌধুরী এবং বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর জুয়েলকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
সব শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।