ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর স্থগিত

ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর স্থগিত
×

প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ০২:৪৩

ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর স্থগিত করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর জেলার পরশুরাম ও ফুলগাজীতে তার সফরের কথা ছিল। গতকাল রোববার দুপুর ১টার দিকে ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার সকালে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিতের বিষয়ে জানানো হয়েছে। আগামী ১ অক্টোবর এ সফরের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে দ্রুতগতিতে প্রস্তুতি চলছিল। পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে পরশুরাম-সুবার বাজার সড়কের মুহুরী নদীর তীরে তৈরি করা হচ্ছিল পথসভাস্থল। ইতোমধ্যে মাটি ফেলে সভাস্থল, মঞ্চ ও উদ্বোধনী ফলক স্থাপনের জায়গা উঁচু করা হয়।

এ ছাড়া ফুলগাজীতে ‘কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও সেবায়েতদের মাসিক সম্মানী ভাতা’ প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানস্থল হিসেবে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠ তৈরি করা হচ্ছিল। ডাকবাংলো সংস্কার, সড়ক মেরামত ও সৌন্দর্যবর্ধনের কাজও দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছিল।

আরও পড়ুন

×