ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু
×

প্রতীকী ছবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:২৬

কক্সবাজারের টেকনাফে পারিবারিক বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে আবুল কাসেম (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শনিবার বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের হামজারছড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন থেকে গতকাল রোববার সকালে তার মৃত্যু হয়।

নিহত আবুল কাসেম হ্নীলা ইউনিয়নের হামজারছড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি ‘লেডু মিস্ত্রি’ নামে পরিচিত ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত তার ছেলে মো. হারুনকে ঘটনার পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার বিকেলে পারিবারিক একটি বিষয় নিয়ে আবুল কাসেমের সঙ্গে ছেলে হারুনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা উত্তপ্ত হয়ে উঠলে হারুন ঘর থেকে ধারালো ছুরি এনে বাবার ওপর হামলা করে। এতে আবুল কাসেমের বুক ও পেটে একাধিক আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সকালে তিনি মারা যান।

গতকাল রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করে হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী বলেন, পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে বিরোধ হয়েছিল। বিষয়টি যে এতটা ভয়াবহ পর্যায়ে যাবে, তা কেউ ভাবতে পারেনি। আমরা শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

আরও পড়ুন

×