ভাড়ার উদ্দেশ্যে বের হওয়া অটোচালকের মরদেহ মিলল নদীতে
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:০৩ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:১১
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আব্দুল কালাম বুলুচাঁন (৩৯) নামে এক সিএনজি অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার জুড়ী-চান্দগ্রাম সড়কের জাঙ্গিরাই ব্রিজসংলগ্ন জুড়ী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দুই দিন আগে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন তিনি।
নিহত আব্দুল কালাম উপজেলার দক্ষিণ বড় ধামাই গ্রামের ইনতাজ আলীর ছেলে। তার ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল এলাকায় সড়কের পাশে পাওয়া যায়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার আব্দুল কালাম অটোরিকশা নিয়ে ভাড়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। রাতে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার স্থানীয় লোকজন জুড়ী নদীতে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের বড় ভাই কামাল উদ্দিন বলেন, গত মঙ্গলবার সন্ধ্যার পর আমি তাকে জুড়ী বাজারে দেখেছি। রাতে বাড়িতে না ফেরায় তার স্ত্রী আমাকে ফোন করে বিষয়টি জানান। পরে তার মোবাইল নম্বরে ফোন দিলে সেটি বন্ধ পাই। গত দুই দিন ধরে বিভিন্নজনের কাছে তার খোঁজ করেছি। আজ তার লাশ পাওয়া গেছে। প্রশাসনের কাছে আমার ভাই হত্যার সুষ্ঠু বিচার চাই।
নিউমার্কেট সিএনজি স্ট্যান্ডের সভাপতি সুমেল উদ্দিন বলেন, অটোরিকশাটির মালিক কচুরগুল গ্রামের একজন নারী। মালিকের বাড়ির রাস্তা কাঁচা হওয়ায় গাড়িটি পাশের একটি বাড়িতে রাখা হতো। মঙ্গলবার গভীর রাতে গ্যাস আনার কথা বলে আব্দুল কালাম গাড়িটি নিয়ে বের হন। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, থানার উপপরিদর্শক (নিরস্ত্র) শামীম মিয়া ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তারা কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- মরদেহ উদ্ধার