কোটি টাকা নিয়ে পলাতক সেই ব্যাংক কর্মকর্তা আটক
মুন্সীগঞ্জ প্রতিনিধি। ছবি-সংগৃহীত
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১২:৩৭
| প্রিন্ট সংস্করণ
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া ব্যাংক কর্মকর্তা শরিফুজ্জামান সোহাগকে ঢাকা থেকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে মিরপুরের পাইকপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি সেখানে তাঁর বোনের বাসায় আত্মগোপনে ছিলেন।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন জানান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও শ্রীনগর থানার সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগরের অগ্রণী ব্যাংকের কর্মকর্তা শরিফুজ্জামান সোহাগকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে এক লাখ ৪৫ হাজার ২০০ টাকা, তিনটি মোবাইল ফোন, একটি চেকবই দুটি এটিএম কার্ড ও ব্যাংক লকারের একটি চাবি উদ্ধার করা হয়।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, সম্প্রতি শ্রীনগর অগ্রণী ব্যাংক শাখার বিপুল সংখ্যক গ্রাহকের হিসাব থেকে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে শরিফুজ্জামান সোহাগের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর কয়েক দিন ধরে ব্যাংকটির সামনে ভুক্তভোগী গ্রাহকদের ভিড় ও বিক্ষোভ দেখা যায়। ব্যাংক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত তিন দিনে ২৫৫ জন গ্রাহক লিখিত অভিযোগ দিয়েছেন। এর মধ্যে গত রোববার ১৮৪ জন, সোমবার ৪৬ এবং মঙ্গলবার ২৫ জন অভিযোগ করেন। এসব অভিযোগে সর্বনিম্ন এক লাখ টাকা থেকে সর্বোচ্চ ৮৪ লাখ টাকা পর্যন্ত পাওনা থাকার দাবি করা হয়েছে। গতকাল বুধবারও সকাল থেকে ব্যাংকের সামনে অবস্থান নেন শত শত গ্রাহক।
গ্রাহকদের অভিযোগ, ব্যাংকের নির্ধারিত জমা স্লিপ ব্যবহার করে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। অগ্রণী ব্যাংকের মুন্সীগঞ্জ জেলার শাখাগুলোর দায়িত্বে থাকা প্রধান কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমরা একজনকে অভিযুক্ত করে জিডি করেছি। একই সঙ্গে আত্মসাতের ঘটনায় ব্যাংকের আরও কেউ জড়িত কিনা এবং অর্থের প্রকৃত পরিমাণ কত, তা খতিয়ে দেখা হচ্ছে।
নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ অঞ্চলের দায়িত্বে থাকা অগ্রণী ব্যাংকের উপপরিচালক ইসমাঈল হোসেন জানান, গত শুক্রবার এ বিষয়ে ব্যাংকের পক্ষ থেকে একটি জিডি দুদকে পাঠানো হয়েছে। জিডিটি ব্যাংকের প্রধান কার্যালয়েও পাঠানো হয়।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তাই শরিফুজ্জামানকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হবে।
- বিষয় :
- আটক
- মুন্সীগঞ্জ