সেই কন্যাশিশুটি ফের বিদ্যালয়ে
ছবি- সমকাল
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ২০:২৪ | আপডেট: ০১ অক্টোবর ২০২৬ | ২০:৫০
বাবা কর্মহীন, মাদকে আসক্ত। অভাব-অনটন যে সংসারে নিত্যসঙ্গী, সেখানে ভাতই জোটে কালেভদ্রে; পড়াশোনা যেন বিলাসিতা। বিদ্যালয়ে যাওয়ার পোশাকও ছিল না শিশুটির। যে কারণে চার মাস ধরে নিজ বিদ্যালয়েই পা দেয়নি সে। বাবাকে চুরির অপবাদ দিয়ে বেঁধে নির্যাতনের সংবাদে ছুটে গিয়েছিল সেই কন্যাশিশুটি। পরম মমতায় চা-রুটি তুলে দিয়েছিল বাবার মুখে। সামাজিক মাধ্যমে সেই দৃশ্য ছড়িয়ে যাওয়ার পর বদলের ছোঁয়া লেগেছে শিশুটির জীবনে।
বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ে এই শিশুটি। তার নাম তুবা আক্তার। ৯ বছরের এই কন্যাশিশুটি বৃহস্পতিবার সকালে নতুন পোশাক গায়ে চাপিয়ে নিজ বিদ্যালয়ে আসে। হাত ধরে তাকে পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। বিদ্যালয়ে আসার সঙ্গে সঙ্গে করতালি দিয়ে তুবাকে স্বাগত জানান সহপাঠী ও শিক্ষকরা। শিশুটির সহপাঠীদের মধ্যে আনন্দের হিল্লোল বয়ে যায়।
তুবার মা জান্নাতুল জানান, ড্রেস না থাকায় চার মাস তাঁর মেয়ে বিদ্যালয়ে যায়নি। উজিরপুর উপজেলা প্রশাসনের সহায়তায় নতুন করে শিক্ষা জীবন শুরু করেছে। এতে সে ভীষণ খুশি, সবার প্রতি কৃতজ্ঞ।
বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর কবির মামুন বলেন, ‘তুবা আক্তার চতুর্থ শ্রেণির ছাত্রী। দীর্ঘদিন ধরে সে বিদ্যালয়ে অনপুস্থিত ছিল। আমরা তার প্রতি গুরুত্বসহকারে খেয়াল রাখব, তুবা যেন পেছনের লেখাপড়ার ঘাটতি পুষিয়ে উঠতে পারে।’
ইউএনও মো. আলী সুজা বলেন, ‘আমরা শিশু তুবার লেখাপড়ার দায়িত্ব নিয়েছি। প্রধান শিক্ষকসহ সব শিক্ষক তার দিকে আলাদাভাবে নজর রাখবেন। তাকে নতুন স্কুলড্রেস দেওয়া হয়েছে। তার লেখাপড়ার যাবতীয় খরচ আমরা বহন করব।’