ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় চ্যাম্পিয়ন আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়

ব্রাহ্মণবাড়িয়ায় চ্যাম্পিয়ন আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়
×

ছবি- সমকাল

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ২১:০২

ব্রাহ্মণবাড়িয়ায় বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের দলনেতা ইসরাত জাহান সানিয়া।

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে দিনব্যাপী এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। তুমুল যুক্তি-পাল্টা যুক্তিতে উৎসবমুখর হয়ে ওঠে প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় অংশ নেয় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি মডেল বালিকা উচ্চ বিদ্যালয়, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়, রামকানাই হাই একাডেমি ও বিজিএফসিএল স্কুল অ্যান্ড কলেজ।

সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান শিশির। উদ্বোধন করেন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. সাবিনা ইয়াসমিন। সমকাল ব্রাহ্মণবাড়িয়ার নিজস্ব প্রতিবেদক আবদুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মানবর্ধন পাল, উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের সাবেক উপপরিচালক বিদ্যুৎ রায় বর্মণ, জেলা উদীচীর সভাপতি লেখক ও গবেষক জহিরুল ইসলাম স্বপন এবং জেলা খেলাঘরের যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ পাল বাবু। সঞ্চালনা করেন সুহৃদ সমাবেশ ব্রাহ্মণবাড়িয়ার সদস্য সচিব ফাহিম মুনতাসির।

সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৈয়দ শামসুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন ড. মো. ইব্রাহিম।

উপাচার্য বলেন, বিজ্ঞানমনস্ক জাতি গঠনে সমকালের এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে। বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই। কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ ব্যবহারের মাধ্যমে দেশের সৃজনশীলতা ও বিজ্ঞানচর্চাকে আরও এগিয়ে নিতে হবে।

প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে বিচারকের দায়িত্ব পালন করেন ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের ইংরেজির শিক্ষক শাহাদৎ হোসেন, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহিম এবং বিতার্কিক ফাহিম মুনতাসির, সানিউর রহমান, হুমায়ুন কবির, জুবায়েদ আহমেদ, মুনতাসির হোসেন মাহিন, তাবাস্সুম মৃধা ও মাহিদ খান। ব্যবস্থাপনায় ছিলেন সুহৃদ আশফাক নূর বিজয়।

আরও পড়ুন

×