সংবাদ সম্মেলন
ঢাকা আইনজীবী সমিতির বিরুদ্ধে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ
ঢাকা আইনজীবী সমিতির বিরুদ্ধে বাড়ি দখলচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ২১:৩৮
ঢাকা আইনজীবী সমিতির বিরুদ্ধে একটি বাড়ির কিছু অংশ দখলচেষ্টার অভিযোগ করেছেন বাড়িটির মালিক আনিসুল বারী রাজু। তার ভাষ্য, পুরান ঢাকার কোর্ট হাউস স্ট্রিটে তার পৈতৃক বাড়ির একটি অংশকে অর্পিত সম্পত্তির ‘ক’ তালিকাভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন। শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করলেও তাকেসহ পরিবারের সদস্যদের নানাভাবে উচ্ছেদের হুমকি দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরা হয়। এ সময় আনিসুল বারী রাজুর পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান তার মেয়ে তানজিন বারী তুসি।
রাজু লিখিত বক্তব্যে বলেন, কোতোয়ালির ৮/১ কোর্ট হাউস স্ট্রিটের বাড়িটি তার বাবা এম এ আওয়াল ১৯৬৬ সালে আদালতের রায় ও ডিক্রির ভিত্তিতে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে মালিকানা নেন। পরবর্তী সময়ে তার বাবার নামে এসএ ও আরএস রেকর্ডে সম্পত্তিটি রেকর্ডভুক্ত হয় এবং নিয়মিত খাজনা পরিশোধ করা হয়। বাবার মৃত্যুর পর তিনি ও তার ভাইবোনেরা উত্তরাধিকারসূত্রে ওই সম্পত্তির মালিক হন। ঢাকা সিটি জরিপেও তাদের নামে সম্পত্তিটি রেকর্ডভুক্ত হয়েছে। সর্বশেষ বাংলা ১৪৩৫ সন পর্যন্ত তিনি খাজনা পরিশোধ করেছেন।
রাজুর ভাষ্য, তার বাড়ির পশ্চিম পাশে থাকা ৮ নম্বর হোল্ডিংয়ের অর্পিত সম্পত্তি লিজ নেওয়ার জন্য ঢাকা আইনজীবী সমিতি জেলা প্রশাসকের কাছে আবেদন করে। ওই হোল্ডিংয়ের পুরোনো স্থাপনা অপসারণের সময় তার বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় তিনি জেলা প্রশাসকের কাছে বাড়ির নিরাপত্তার জন্য আবেদন করেন। গত ২২ সেপ্টেম্বর অর্পিত সম্পত্তি শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেটের দপ্তরে এ বিষয়ে একটি বৈঠক হয়। সেখানে তাকে জানানো হয়, তার বাড়ির হোল্ডিংয়ের কিছু অংশ অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত।
রাজুর দাবি, ওই সম্পত্তি অর্পিত সম্পত্তির তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টি তার জানা ছিল না। পরে তিনি ওই ০৩৯১ অযুতাংশ সম্পত্তি অর্পিত সম্পত্তির তালিকায় অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। গত বুধবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি কাজী ওলিউল ইসলামের আদালতে রিটের শুনানি হয়। শুনানি শেষে আদালত রুল জারি করেন। ঢাকা আইনজীবী সমিতি ওই শুনানিতে অংশ নিয়েছে।
রাজুর অভিযোগ, হাইকোর্টে রুল জারি হওয়ার পরও ঢাকা আইনজীবী সমিতি তার পুরোনো বাড়ি ভাঙচুরের হুমকি দিচ্ছে। বাড়িতে যেসব আইনজীবীর চেম্বার রয়েছে, তাদেরও চেম্বার ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ঢাকা আইনজীবী সমিতির উন্নয়নকাজ নিয়ে তার কোনো আপত্তি নেই। তবে নিজের সম্পত্তি, বাড়ি ও পরিবারের নিরাপত্তা চান তিনি। বর্তমানে নিরাপত্তার কারণে তাকে বাড়ি ছাড়তে হয়েছে। ঢাকা আইনজীবী সমিতির প্রভাবের কারণে তিনি প্রশাসনের কাছ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন না। তার স্ত্রী, কন্যা ও পরিবারের অন্য সদস্যরা হুমকির কারণে আতঙ্কের মধ্যে রয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম খানের ফোন নম্বরে কল করে ও মেসেজ পাঠিয়ে কোনো উত্তর পাওয়া যায়নি।
- বিষয় :
- ঢাকা আইনজীবী সমিতি
- বাড়ি দখল