কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতে আটক আরও ৩৬৩
পাঁচ দফায় আটক ২ হাজার ৩৫ জন
গত ২৩ সেপ্টেম্বর থেকে পাঁচ দফার অভিযানে কুমিল্লায় মোট ২ হাজার ৩৫ জনকে আটক করা হয়েছে। ছবি: সমকাল
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ১১:৩১
কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে এক রাতে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় এ অভিযান চালানো হয়।
এ নিয়ে গত ২৩ সেপ্টেম্বর থেকে পাঁচ দফার অভিযানে কুমিল্লায় মোট ২ হাজার ৩৫ জনকে আটক করা হয়েছে। শনিবার সকালে জেলা পুলিশের মিডিয়া সেলের কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, পুলিশ সুপার আনিসুজ্জামানের নির্দেশনায় কিশোর গ্যাংবিরোধী অভিযানের পাশাপাশি মাদক ও সন্ত্রাসবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার ১৮টি থানার পুলিশ, জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা (ডিবি) পুলিশ একযোগে অভিযান চালায়।
মো. লুৎফর রহমান বলেন, কুমিল্লা মহানগরীর পাশাপাশি বিভিন্ন থানার যেসব এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে, সেসব স্থানেও অভিযান চালানো হচ্ছে। আটক ৩৬৩ জনের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, শুক্রবারের অভিযানে কুমিল্লা নগরীর একটি কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’-এর প্রধান রতনকে আটক করা হয়েছে। ২০২২ সালে নগরীর মিশনারি স্কুলের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ‘ঈগল গ্রুপ’ ও ‘রতন গ্রুপ’-এর মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় মো. শাহাদাত নামে একজন নিহত হন।
পুলিশের সূত্র বলছে, ওই হত্যা মামলার প্রধান আসামি ছিলেন রতন। এ ছাড়া তার বিরুদ্ধে হত্যা মামলার পাশাপাশি অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
রতনের আটকের বিষয়ে জেলা পুলিশের মিডিয়া সেলের পক্ষ থেকে পরে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
- বিষয় :
- কুমিল্লা
- কিশোর গ্যাং
- আটক