ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে থানায় দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে থানায় দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা
×
×

প্রতীকী ছবি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ২২:৩০

নোয়াখালীর সোনাইমুড়ীতে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ছেলেকে দেখতে থানায় গিয়ে গ্রেপ্তার হয়েছেন বাবা আব্দুল মান্নান (৫৮)। পরদিন সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বাবা-ছেলে উভয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ওসি। এর আগে গত শুক্রবার দুপুরে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার সাব্বির আহমদ সোনাইমুড়ী উপজেলার চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তাঁর বাবা একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি।

সোনাইমুড়ী থানা পুলিশ শনিবার দুপুরে জানায়, গ্রেপ্তার সাব্বির আহমেদের নেতৃত্বে গত ১৮ সেপ্টেম্বর সোনাইমুড়ীতে আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিল বের করা হয়। ওই ঘটনায় একই দিন পুলিশ বাদী হয়ে সোনাইমুড়ী থানায় মামলা করে। ওই মামলায় সাব্বিরকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। খবর পেয়ে ছেলে সাব্বিরকে দেখতে সোনাইমুড়ী থানায় যান আব্দুল মান্নান। সেখানে তাঁকেও আটক করে পুলিশ। পরে তাঁকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×