ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

টেকনাফে ইউপি নির্বাচনের প্রার্থিতা নিয়ে বিরোধে সংঘর্ষ-গোলাগুলি, গুলিবিদ্ধ ২

টেকনাফে ইউপি নির্বাচনের প্রার্থিতা নিয়ে বিরোধে সংঘর্ষ-গোলাগুলি, গুলিবিদ্ধ ২
×
×

প্রতীকী ছবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ২২:৩০

কক্সবাজারের টেকনাফে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের সাবরাং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ দুজন হলেন– সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া এলাকার মাওলানা আব্দুল গফুরের ছেলে হেলাল উদ্দিন ও একই এলাকার সাব্বির আহমদের ছেলে মোহাম্মদ হারুন।

হারুনের বাবা সাব্বির আহমদ জানান, আগামী ইউপি নির্বাচনে সাধারণ সদস্য পদে তার ছেলে প্রার্থী হতে পারেন, এমন আলোচনা চলছিল। এ নিয়ে বর্তমান ইউপি সদস্য শামশুল আলম ও তার সমর্থকদের সঙ্গে বিরোধ তৈরি হয়।

স্থানীয় সূত্র ও স্বজনের ভাষ্য, রোববার দুপুরে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে হারুন ও হেলালের পথরোধ করেন ইউপি সদস্য শামশুল আলমের সমর্থকরা। এ সময় তাদের মধ্যে তর্কাতর্কি হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। এর কিছুক্ষণ পর সাবরাং বাজারের একটি দোকানে বসে কথা বলছিলেন হারুন ও হেলাল। সেখানে শামশুল আলমের লোকজন গিয়ে তাদের ওপর হামলা চালায় এবং কয়েকটি গুলি ছোড়েন বলে অভিযোগ করা হয়েছে। এতে দুজন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা আহত দুজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য শামশুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

টেকনাফ থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন

×