ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

বগুড়ায় ডিসি অফিসে পূজা কমিটির সভায় হট্টগোল

বগুড়ায় ডিসি অফিসে পূজা কমিটির সভায় হট্টগোল
×

বগুড়ায় ডিসি অফিসে পূজা উদযাপন কমিটির সভায় হট্টগোলের সময়।

‎বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১৭:৪৩ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ | ১৭:৪৫

বগুড়ায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভায় পূজা উদযাপন পরিষদের নেতাদের বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়ার অভিযোগে হট্টগোলের ঘটনা ঘটেছে। একপর্যায়ে ক্ষোভ প্রকাশ করে সভা থেকে বেরিয়ে যান পূজা উদযাপন পরিষদের নেতারা। পরে স্থানীয় সংসদ সদস্যের অনুরোধে তাঁরা আবার সভায় যোগ দেন।

সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আয়োজিত সভায় জেলার ১৩টি উপজেলার সনাতন ধর্মীয় প্রতিনিধি ও পূজা উদযাপন পরিষদের নেতারা অংশ নেন। সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা পর্যায়ের চার-পাঁচজন পূজা উদযাপন কমিটির প্রতিনিধি বক্তব্য দেওয়ার পর জেলা প্রশাসক পূর্বনির্ধারিত আরেকটি কর্মসূচির কথা উল্লেখ করে আলোচনা সংক্ষেপ করতে বলেন। এরপর রাজনৈতিক নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা বক্তব্য দেন। এ সময় অনেকে নিজ এলাকার পূজা আয়োজনের সমস্যা ও প্রস্তাব তুলে ধরতে না পারায় ক্ষুব্ধ হন।

একপর্যায়ে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাসসহ অন্য নেতারা ক্ষোভ প্রকাশ করে হট্টগোল করতে করতে সভাকক্ষ থেকে বেরিয়ে যান। পরে সংসদ সদস্য রেজাউল করিম বাদশার অনুরোধে তারা আবার সভায় ফিরে আসেন।

ধুনট উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা বলেন, কয়েকজন প্রতিনিধি বক্তব্য দেওয়ার পর তাদের কথা সংক্ষেপ করতে বলা হয়। এ ঘটনায় উপস্থিত নেতারা অসন্তোষ প্রকাশ করেন।

পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস বলেন, বছরে একবার জেলা প্রশাসনের সঙ্গে পূজা উদযাপন নিয়ে কথা বলার সুযোগ আসে। জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিনিধিরা নানা সমস্যা ও দাবি নিয়ে আসেন। কিন্তু তাদের কথা বলার সুযোগ না দেওয়ায় অপমানিত বোধ করেছেন। পরে সংসদ সদস্যের অনুরোধে তাঁরা সভায় ফিরে যান।

হট্টগোলের বিষয়টি স্বীকার করে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, পূজা উদযাপন কমিটির নেতাদের বক্তব্য দেওয়ার পর্বে জেলা কমিটির নেতারা কথা বলেননি। পরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা বক্তব্য দেওয়ার সময় তারা কেন সময় দেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে তারা কষ্ট পেয়ে সভা থেকে বেরিয়ে যান। পরে আবার সভায় যোগ দেন।

আরও পড়ুন

×