হত্যা মামলায় জামিন নিতে গিয়ে কারাগারে ৩২ আসামি
ফাইল ছবি
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ২০:৫৮
কুমিল্লার মেঘনা উপজেলায় কোহিনুর আক্তার হত্যা মামলায় ৩২ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেওয়া ৩৮ আসামি সোমবার নিম্ন আদালতে হাজির হলে বিচারক তাদের ছয়জনকে জামিন দেন এবং বাকিদের কারাগারে পাঠান।
সোমবার কুমিল্লার আদালতে আসামিরা হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ছয়জনের জামিন মঞ্জুর করেন এবং ৩২ জনের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার আরও তিন আসামি এদিন আদালতে হাজির হননি বলে জানা গেছে।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট কোহিনুর আক্তার হত্যা মামলার ৪১ আসামি হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। পরে তাদের নিম্ন আদালতে হাজির হয়ে জামিন নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার ৩৮ আসামি কুমিল্লার আদালতে হাজির হন।
গত ২৬ জুলাই চর দখলকে কেন্দ্র করে মেঘনা উপজেলার চরবিনোদপুর ও আলীপুর তিতাস উপজেলার চরবাটেরা গ্রামবাসীদের মধ্যে টেঁটাযুদ্ধ হয়। এতে কোহিনুর আক্তার নামে এক নারী নিহত হন।
মামলার তদন্ত কর্মকর্তা মেঘনা থানার উপপরিদর্শক (এসআই) সাঈদ সানাউল্লাহ জানান, মামলা দায়েরের পর প্রথম দফায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে চারজনকে মামলা দায়েরের রাতে এবং একজনকে পরদিন গ্রেপ্তার করা হয়। গত ২ অক্টোবর মামলার আরও একজন আসামিকে আটক করে পুলিশ। এ নিয়ে মামলাটিতে এ পর্যন্ত ৩৮ আসামি গ্রেপ্তার হয়েছেন।
মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। আমরা সব আসামিকে আইনের আওতায় নিয়ে আসব।
- বিষয় :
- কারাগার
- হত্যা মামলা
- জামিন