বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে বস্ত্র বিতরণ করলেন মনজুর আলম
বস্ত্র বিতরণ। ছবি: সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ১৮:৩৫
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। আজ মঙ্গলবার নগরীর উত্তর কাট্টলীতে নিজ বাসভবনে ‘আলহাজ্ব হোসনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্ট’ থেকে এসব বস্ত্র বিতরণ করেন তিনি।
একসময় আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন মনজুর আলম। পরে তিনি বিএনপিও ছাড়েন। বিএনপির একাংশ তাঁর ওপর ক্ষুব্ধ। তবে আজ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মনজুর আলমের পাশে কয়েকজন বিএনপি নেতাকে দেখা গেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরীর আকবর শাহ থানা বিএনপির সহসভাপতি আইয়ুব খান, উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্বাস রশিদ, যুগ্ম আহ্বায়ক ফরিদুল আলম, শফিকুল আলম, সনাতন ধর্মীয় নেতা তরুণ তপন দত্ত, কৃষ্ণ আচার্য, সবিতা বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে সাবেক মেয়র মনজুর আলম বললেন, ‘বাংলাদেশ সব নাগরিকের সমঅধিকার নিশ্চিতে আমরা অঙ্গীকারবদ্ধ। সনাতন ধর্মের প্রধান উৎসব দুর্গাপূজা। আনন্দের সঙ্গে যাতে তারা উৎসব উদযাপন করতে পারেন, এ জন্য প্রতিবছরের মতো এবারও আমরা তাদের পাশে দাঁড়িয়েছি।’
- বিষয় :
- চট্টগ্রাম
- বিএনপি
- বস্ত্র বিতরণ