ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বার ভবনে বিশৃঙ্খলা, হাতাহাতি বিএনপিপন্থি আইনজীবীদের

বার ভবনে বিশৃঙ্খলা, হাতাহাতি বিএনপিপন্থি আইনজীবীদের
×
×

নারায়ণগঞ্জ বার ভবনে গতকাল মঙ্গলবার অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সামনে আইনজীবীদের হাতাহাতি সমকাল

 নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ০৮:০৩

| প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জে সমিতি ভবনে বিএনপিপন্থি দুই দল আইনজীবীর মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় বিচার প্রার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে জেলা আইনজীবী সমিতি (বার) ভবনের দ্বিতীয় তলায় সভাকক্ষে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ডিসি অফিসে একটি বৈঠক শেষে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি (বার) ভবনে আসেন। তিনি বারের বর্তমান সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের কক্ষে যান। অ্যাডভোকেট সাখাওয়াত এই বারের সাবেক সভাপতি। সভাপতির কক্ষে বসে তিনি দুপুরের খাবার খাচ্ছিলেন। এ সময় পাশে অবস্থিত সাধারণ সম্পাদকের কক্ষ ও এর পরে অবস্থিত বারের সভাকক্ষে উপস্থিত বেশ কয়েকজন আইনজীবী তাঁকে লক্ষ্য করে কটূক্তিমূলক স্লোগান দেন। অ্যাডভোকেট সাখাওয়াত খাওয়া শেষ করে সভাকক্ষে যান। তাঁকে কেন কটূক্তি করা হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে সেখানে থাকা আইনজীবীদের সঙ্গে তাঁর তর্ক বেধে যায়। এক পর্যায়ে আইনজীবীদের কেউ তাঁর পক্ষে, কেউ বিপক্ষে অবস্থান নেন। 

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দুই পক্ষের আইনজীবীরা যে যাকে পারছে ধাক্কা দিচ্ছেন, কিল ঘুসি মারার ঘটনাও ঘটছে। পরস্পরকে মৌখিক আক্রমণ করছেন। এক সময় তারা মাঝে থাকা টেবিলের ওপরেও উঠে যান। অ্যাডভোকেট সাখাওয়াতকেও তাদের কেউ কেউ আক্রমণ করতে উদ্যত হন। তখন তাঁর সরকারি দেহরক্ষীরা তাঁকে রক্ষা করে সভাপতির কক্ষে নিয়ে যান। 
ঘটনা সম্পর্কে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, পুরোনো কোর্ট এলাকায় নির্মিত জুডিশিয়াল ভবনে আমাদের আইনজীবীরা যেতে চাচ্ছেন না। এ নিয়ে কয়েকদিন ধরেই কোর্টে আন্দোলন চলছে। অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন আইনজীবীদের জুডিশিয়াল ভবনে নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। ফলে আইনজীবীরা তাঁর ওপর ক্ষিপ্ত। আজ (গতকাল) তিনি বার সভাপতির কক্ষে এলে ক্ষুব্ধ সাধারণ আইনজীবীরা তাঁর বিরুদ্ধে কটূক্তি করতে থাকেন। এক পর্যায়ে তিনি বের হয়ে তাঁর লোকজন নিয়ে সাধারণ আইনজীবীদের ওপর আক্রমণের চেষ্টা করলে সবাই ক্ষুব্ধ হয়ে যায়। আইনজীবীদের ক্ষোভের মুখে পরে তিনি সভাপতির কক্ষে আশ্রয় নেন। সেখানে আইনজীবীরা তাঁকে দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশের সহায়তায় তিনি বের হয়ে যান। 

তবে অ্যাডভোকেট আনোয়ার হোসেন মিথ্যা বলছেন অভিযোগ করে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমি সভাপতির কক্ষে সভাপতির আমন্ত্রণে এসেছিলাম। বেশ কিছু বেয়াদব সেক্রেটারির রুমের পরের রুমটাতে বসে আমার প্রতি কটূক্তি করছিল। আমি এ বিষয়ে তাদের জিজ্ঞেস করতে গেলে তারা মারমুখী হয়ে ওঠে। এ সময় সাধারণ আইনজীবীরা তাদের প্রতিরোধ করে। তিনি আরও বলেন, তারা আদালতে অরাজক পরিস্থিতি তৈরি করে রেখেছে। সরকার নারী ও শিশুবিষয়ক আদালতে একজন পিপি নিয়োগ করেছে। তারা তাঁকে বসতে দিচ্ছে না। সেই কক্ষে তালা দিয়ে রেখেছে। সভাপতির কক্ষে অবরুদ্ধ করে রাখা প্রসঙ্গে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, কার এমন সাহস আছে, আমাকে কোর্টে অবরুদ্ধ করে রাখবে ! 
ঘটনা সম্পর্কে কোর্ট পরিদর্শক মোহাম্মদ আব্দুস সামাদ বলেন, আইনজীবী সমিতির নির্বাচন সামনে। এ নিয়ে আইনজীবীদের দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা রয়েছে। আজও (গতকাল) এ নিয়ে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে আমরা সেখানে যাই। পরে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সেখান থেকে চলে যান। তাঁকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ সত্য নয়। আইনজীবীরা নিজেরাই বিষয়টি মিটমাট করেছেন।

আরও পড়ুন

×