মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের যুবক নিহত
সাইদুল ইসলাম
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ০৮:৩১
| প্রিন্ট সংস্করণ
শেরপুরের এক প্রবাসী যুবক মালয়েশিয়া সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম সদর উপজেলার রৌহা ইউনিয়নের ফটিয়ামারী পুরাতনপাড়া (পাগলবাড়ি) এলাকার আব্দুর রহিমের ছেলে।
জানা গেছে, অসচ্ছল কৃষক পরিবারের সদস্য সাইদুল ইসলাম সাড়ে তিন বছর আগে মালয়েশিয়ায় যান। দেশটির জোহর বাহরু জেলায় একটি পাম বাগানে কাজ করতেন তিনি। গতকাল মঙ্গলবার সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন। মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে হাতে থাকা ধারালো দা তাঁর গলায় লেগে ঘটনাস্থলেই মারা যান। গতকাল সাইফুলের এক সহকর্মী মালয়েশিয়া থেকে ফোন করে ঘটনাটি স্বজনদের জানান।
রৌহা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, বাড়িতে গিয়ে দেখতে পান সাইফুলের বাবা রহিম মিয়া এবং মা সাজেদা বেগম বার বার মূর্ছা যাচ্ছেন। চার ভাই-বোনের মধ্যে সাইফুল সবার ছোট। তাঁর পাঠানো টাকায় সংসার চলতো। তিনি বলেন, গত সোমবার রাতেও সাইফুলের সঙ্গে কথা হয়েছে তাঁর মা-বাবার। আগামী ঈদে তাঁর বাড়িতে আসার কথা ছিল। কিন্তু গতকাল মঙ্গলবার সকালে ছেলের এমন মৃত্যুর খবর কিছুতেই মানতে পারছেন না স্বজনরা। তাদের শেষ ইচ্ছা সরকার যেন মরদেহ দ্রুত তাদের হাতে পৌঁছে দেয়।
- বিষয় :
- মৃত্যু