জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব
মুন্সীগঞ্জে চ্যাম্পিয়ন সিরাজদীখান উচ্চ বিদ্যালয়
ছবি- সমকাল
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ১৯:৩৬ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ | ১৯:৫৬
বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতার মুন্সীগঞ্জ জেলা পর্যায়ের আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছে সিরাজদীখান উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন। আর শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন রানার্সআপ দলের রোদেলা দে।
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ স্লোগানকে সামনে রেখে বুধবার সিরাজদীখান উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টার দিকে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিরাজদীখান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন নাহার।
প্রতিযোগিতায় জেলার সিরাজদীখান উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশ নেন। প্রতিষ্ঠানগুলো হলো—ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, শুলপুর উচ্চ বিদ্যালয়, কুসুমপুর উচ্চ বিদ্যালয়, রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন, শেখরনগর বালিকা উচ্চ বিদ্যালয়, সিরাজদীখান উচ্চ বিদ্যালয়, ইসলামপুর কামিল মাদরাসা ও নেছারাবাদ নৃরিয়া দাখিল মাদরাসা।
দিনভর যুক্তি-তর্ক ও পাল্টা যুক্তিতে প্রাণবন্ত হয়ে ওঠে প্রতিযোগিতা। বিচারকের দায়িত্ব পালন করেন খারশুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র সরকার, রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমীন এবং কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুবুর রহমান।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস ধীরেন, সমকাল সুহৃদ সমাবেশের জেলা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলম ঢালী, সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ, সমকালের জেলা প্রতিনিধি ও জেলা সমন্বয়ক কাজী সাব্বির আহমেদ দীপু, উপজেলা সমন্বয়ক ইমতিয়াজ বাবুল, সাংবাদিক কাজী আকরাম, নিলয়, আরিফুল ইসলাম শামীম, সুহৃদ সদস্য মোহাম্মদ শাহিন সহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও অভিভাবকরা।
স্বাগত বক্তব্যে কাজী সাব্বির আহমেদ দীপু বলেন, বিতর্ক শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা ও সত্য অনুসন্ধানের দক্ষতা বাড়ায়। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও যুক্তিবোধ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
- বিষয় :
- বিতর্ক উৎসব
- সমকাল