গাজীপুরে বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন আবেদ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ
ছবি- সমকাল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ২০:০৬
বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের গাজীপুর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আবেদ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ। রানার্সআপ হয়েছে রাণী বিলাসমণী সরকারি বালক উচ্চ বিদ্যালয়। আর শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন রানার্সআপ দলের দলনেতা প্রিয়ন্ত দাস।
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ স্লোগানকে সামনে রেখে বুধবার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকার ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের রোকনুজ্জামান খান দাদাভাই অডিটোরিয়ামে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ আয়োজনে এবং শাহজালাল ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এ আয়োজন করা হয়। সকালে উৎসবের উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া।
উৎসবে গাজীপুরের ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। বিভিন্ন ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় আবেদ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও রাণী বিলাসমণী সরকারি বালক উচ্চ বিদ্যালয়। যুক্তি-তর্কের লড়াইয়ে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় আবেদ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ।
চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন আয়েশা সিদ্দিকা, নববী নাজাহ ও মারয়ুক্বাহ লামিয়া। রানার্সআপ দলের সদস্য ছিলেন প্রিয়ন্ত দাস, নূর রহমান নয়ন ও শামস বিন হক নিহাল।
প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো—গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চাইল্ড কেয়ার হাই স্কুল, সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ, এইচএকে একাডেমি, গাজীপুর রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, বর্ণমালা স্কুল, শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন উচ্চ বিদ্যালয়, বেঞ্চমার্ক ইন্টারন্যাশনাল স্কুল, খারতৈল মনসুর আলী স্কুল অ্যান্ড কলেজ ও রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল।
উৎসবের মডারেটরের দায়িত্ব পালন করেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক অসীম বিভাকর। বিচারকের দায়িত্ব পালন করেন একই কলেজের সহযোগী অধ্যাপক আক্তার জাহান শাম্মী, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সাবেক সহসভাপতি মোবারক হোসেন, বাচিক শিল্পী ইকবাল আহমেদ নিশাত ও ফরহাদ হোসেন।
দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির প্রধান নির্বাহী হায়দার সিদ্দিকী উদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। অতিথিরা চ্যাম্পিয়ন, রানার্সআপ, শ্রেষ্ঠ বক্তা ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।
- বিষয় :
- বিতর্ক উৎসব
- সমকাল