কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫২
ছবি- সমকাল
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ১০:৩৪ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ | ১০:৫৬
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আরও ২৫২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান চালানো হয়। শুক্রবার সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে বলে জানিয়েছে পুলিশ। কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে, এমন বিভিন্ন স্থানকে অভিযানের আওতায় আনা হয়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান জানান, আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতেও নজরদারি রাখা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে, গত ২৩ সেপ্টেম্বর থেকে কুমিল্লা নগরীসহ জেলার ১৮টি থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু হয়। জেলা পুলিশ ও ডিবির পৃথক অভিযানে এ পর্যন্ত দুই হাজারের বেশি কিশোর গ্যাং সদস্য এবং মাদক ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৮৩৩ জনকে আদালতে সোপর্দ করা হয়। যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে এক হাজার ২০৯ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়া ব্যক্তিরা অধিকাংশই শিক্ষার্থী।