নিরাপত্তার দাবিতে রোববার থেকে সাজেকে সড়ক অবরোধ
ছবি: ফাইল
রাঙামাটি অফিস
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ২৩:০১
রাঙামাটির সাজেকে একটি সশস্ত্র সংগঠনের তৎপরতা ও সাধারণ মানুষকে হুমকি দেওয়ার প্রতিবাদে আগামীকাল রোববার সকাল ৬টা থেকে সাজেক-বাঘাইহাট সড়কে অনির্দিষ্টকালের অবরোধ ডেকেছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়ার পরও দাবি পূরণ না হওয়ায় এ কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানিয়েছে এ দুটি সংগঠন।
আজ শনিবার সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমার যৌথ বিবৃতিতে এই অবরোধের ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে অভিযোগ করা হয়, জেএসএস সন্তু গ্রুপের নামে একটি সশস্ত্র গোষ্ঠী সাজেকের সাধারণ মানুষকে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। ৮ অক্টোবরের এক সমাবেশ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তাদের সরিয়ে নেওয়ার দাবি জানানো হলেও প্রশাসন এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং প্রতিবাদকারীদের দোকান ও বাসাবাড়িতে তল্লাশি চালিয়ে হয়রানি করা হয়েছে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, প্রায় দুই সপ্তাহ ধরে ওই সশস্ত্র গোষ্ঠী সাজেকের ভুয়োছড়ি, চাইল্যাতলী ও মাচলং ক্যাম্পের আশপাশে অবস্থান করছে এবং স্থানীয়দের হুমকি দিচ্ছে। গত ২৯ সেপ্টেম্বর ওই গোষ্ঠীর ছোড়া গুলিতে কস্মিতা ত্রিপুরা নামে এক শিশু আহত হয়েছে। তাই এ সশস্ত্র গ্রুপটি যতদিন সাজেকে অবস্থান করবে, ততদিন এলাকায় অশান্তি বিরাজ করবে এবং কারোর জীবনের নিরাপত্তা থাকবে না বলে দাবি করা হয়েছে।
বিবৃতিতে অবরোধ কর্মসূচি সফল করতে সাজেক ইউনিয়নসহ বাঘাইছড়ি ও দীঘিনালা উপজেলার যানবাহন মালিক-শ্রমিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে। তবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি ও সংবাদকর্মীদের যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
- বিষয় :
- রাঙামাটি