ঈশ্বরদীর ৭টি ইউনিয়নের বিএনপির কমিটি বিলুপ্ত
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ০৮:১০
| প্রিন্ট সংস্করণ
তৃণমূল পর্যায়ে দলকে আরও ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে ঈশ্বরদী উপজেলার সাতটি ইউনিয়ন শাখা বিএনপি এবং সংশ্লিষ্ট সব ওয়ার্ডের সাংগঠনিক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জিয়াউল ইসলাম সন্টু সরদার ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বাসভবনে সম্প্রতি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভা হয়। সভাপতিত্ব করেন আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার। সভায় ঈশ্বরদী উপজেলার পাকশী, সাঁড়া, সলিমপুর, লক্ষ্মীকুণ্ডা, সাহাপুর, দাশুড়িয়া, মুলাডুলিসহ মোট সাতটি ইউনিয়ন এবং এসব ইউনিয়নের অধীন সব ওয়ার্ডের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
একই বৈঠকে উপজেলা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল রাখতে অতি দ্রুত নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন কমিটি গঠিত না হওয়া পর্যন্ত উপজেলা বিএনপির দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট জিয়াউর রহমান মনিরুলকে দপ্তর সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, ‘পৌর বিএনপি তাদের আওতাধীন ৯টি ওয়ার্ডে নতুন কমিটি গঠনের কাজ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় সাতটি ইউনিয়ন ও সেগুলোর ওয়ার্ড কমিটি নতুন করে রূপদানের লক্ষ্যে পুরোনোগুলো বিলুপ্ত করা হলো। ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটিগুলো গঠিত হলে ঈশ্বরদীতে বিএনপি শক্তিশালী ও সুসংগঠিত হবে।’
এদিকে ঈশ্বরদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন কমিটি অনুমোদন দিয়েছে পৌর বিএনপি। শহিদুল ইসলাম অটলকে সভাপতি ও আনোয়ার হোসেন গুড্ডুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্যের কমিটির অনুমোদন দেন পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ ও সদস্য সচিব ইমরুল কায়েস সুমন।
অনুমোদিত নতুন কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন– সিনিয়র সহসভাপতি রহমত আলী; সহসভাপতি শামসুর রহমান সিম্মু, সাহাবুল ইসলাম, মো. মুন্না, আবুল কালাম আজাদ সুটকা, মো. হানিফ খান ও ইয়াকুব আলী; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নূর আলম হোসেন রাজেন; যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাইয়ার আলম ও মো. আনোয়ার হোসেন লিটন; সাংগঠনিক সম্পাদক মোস্তফা কাজী; সহ-সাংগঠনিক সম্পাদক মো. হীরা এবং প্রচার সম্পাদক মো. মেহেদী হাসান মিটু।
- বিষয় :
- বিএনপি