খুলনায় পুলিশ পরিদর্শককে জখমের ঘটনায় গ্রেপ্তার ২
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ০৭:৫৪ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ | ১০:১৭
| প্রিন্ট সংস্করণ
খুলনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলমকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় প্রধান অভিযুক্ত মিরাজ ওরফে স্পিকার মিরাজসহ দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। গ্রেপ্তার অপর ব্যক্তির নাম মো. ইব্রাহিম গাজী। গত বৃহস্পতিবার খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ও সদর উপজেলার টুটপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন।
তিনি জানান, গ্রেপ্তার মিরাজ ও ইব্রাহিম সরাসরি জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের খুলনা সদর থানায় হস্তান্তর করা হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর খুলনা জেলার সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক শাহ আলম মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁকে জিম্মি করে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে চাপাতি দিয়ে তাঁর দুই হাতের কবজির ওপর কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে খুলনা সদর থানা ও সোনাডাঙ্গা থানার কর্মকর্তারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
প্রথমে তাঁকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর হাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (নি.) আওয়াল হোসেন খুলনা সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
এসআরবি-৩-এর অধিনায়ক বলেন, মিরাজ ওরফে স্পিকার মিরাজের অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে খোঁজ নিয়ে একাধিক গুরুতর আঘাতসহ চুরি ও ডাকাতির মামলার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, ইব্রাহিম গাজীর বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
খুলনায় রাতে পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ও কঠোর সতর্কতা জারির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওই পুলিশ কর্মকর্তা কর্মস্থল থেকে একা বাসায় ফিরছিলেন। তিনি সিভিলে ছিলেন। এ সময় তিনি ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইয়ের শিকার যে কেউ হতে পারে। রাতে চলাচলে আমরা আমাদের আশপাশের লোকজনকেও সতর্ক করি। তবে আমরা যারা সরকারের কাজ করি তাদেরকে লিখিতভাবে বলা হয়েছে।
- বিষয় :
- গ্রেপ্তার