কুমারখালীতে প্রবীণ উৎসব, সম্মাননা পেলেন চার ব্যক্তি ও প্রতিষ্ঠান
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ | ২৩:১৫
কেউ বীর মুক্তিযোদ্ধা, কেউ শিক্ষক, চিকিৎসক, কৃষক কিংবা শ্রমজীবী। জীবনের দীর্ঘ পথ পেরিয়ে আসা এমন দুই শতাধিক প্রবীণ মানুষের মিলনমেলায় মুখর হয়ে উঠেছিল কুষ্টিয়ার কুমারখালী আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম। তাঁদের সম্মান জানাতে প্রথমবারের মতো আয়োজন করা হয় ‘প্রিমিয়াম হোমস-আগামীর সময় প্রবীণ উৎসব ২০২৬’।
শনিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে দৈনিক আগামীর সময়ের গোল্ড ক্লাব ও কুমারখালী মিলনাগার ও স্বেচ্ছাসেবী সংস্থা। এতে কুমারখালী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার ষাটোর্ধ্ব ব্যক্তিরা অংশ নেন।
জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। পরে ৯৯ বছর বয়সী প্রবীণ মকছেদ আলী আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন। কুমারখালী সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুলের পাপড়ি ছিটিয়ে ও গোলাপ ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেন। প্রবীণদের পরিয়ে দেওয়া হয় উত্তরীয়।
অনুষ্ঠানে সংগীত পরিবেশনার পাশাপাশি ছিল নাটিকা, পুঁথিপাঠ ও কবিতা আবৃত্তি। সংগীত বিদ্যালয়ের শিল্পীরা ‘ধন ধান্য পুষ্পে ভরা’ গানটি পরিবেশন করেন। পরে মঞ্চস্থ হয় নাটিকা ‘নিজস্বী’। মজিবর রহমান পুঁথিপাঠ করেন। ফয়সল আহমেদ ডালিম আবৃত্তি করেন ‘সুদের পুড়ানি’ কবিতা। প্রাক্তন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রহমান আজিজ নিজের লেখা কবিতা আবৃত্তি করেন।
প্রবীণদের শৈশব ও কৈশোরের স্মৃতি ফিরিয়ে আনতে আয়োজন করা হয় পুরোনো দিনের বিভিন্ন সামগ্রীর প্রদর্শনী। সেখানে রাখা হয় তলোয়ার, অ্যানালগ রেডিও, ট্রানজিস্টরসহ অতীতের নানা স্মারক।
চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা
সমাজ ও জাতীয় জীবনে অবদানের স্বীকৃতি হিসেবে উৎসবে চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক দেওয়া হয়। চিকিৎসাক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশের প্রথম ওপেন হার্ট সার্জন ও কার্ডিয়াক সার্জন অধ্যাপক এস আর খানকে সম্মাননা দেওয়া হয়। শতবর্ষী আমেনা খাতুনকে দেওয়া হয় ‘রত্নগর্ভা মা’ সম্মাননা। অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তাঁর পক্ষে স্মারক গ্রহণ করেন ছেলে ও কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মনজুর কাদির।
ঐতিহ্যবাহী কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহা. আবদুল মুত্তালিবকে দেওয়া হয় ‘রত্নৌরস’ সম্মাননা। আর দীর্ঘ ৪০ বছরের বেশি সময় ধরে দরিদ্র মানুষের বিনা মূল্যে চোখের ছানি চিকিৎসায় অবদান রাখায় সম্মাননা পায় কুমারখালী অন্ধ কল্যাণ সমিতি।
উৎসবে বীর মুক্তিযোদ্ধা, সাবেক সরকারি কর্মকর্তা, শিক্ষক, কবি, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক ও ব্যবসায়ীরা স্মৃতিচারণা করেন। তাঁদের পাশাপাশি কৃষক, তাঁতি, শ্রমজীবী, পরিচ্ছন্নতাকর্মী ও নৃগোষ্ঠীর প্রবীণ সদস্যরাও নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতির কথা তুলে ধরেন।
‘প্রবীণরা সমাজের অমূল্য সম্পদ’
উৎসবে স্বাগত বক্তব্য দেন কুমারখালীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুমারখালী মিলনাগার ও স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি নাভিন সরোয়ার। তিনি বলেন, প্রবীণেরা সমাজের অমূল্য সম্পদ। তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও প্রজ্ঞা সমাজ গঠনের ভিত্তি। উপজেলা প্রশাসন প্রবীণদের অধিকার ও সামাজিক মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
কুমারখালী মিলনাগারের সাধারণ সম্পাদক মোহা. আব্বাস উদ্দিন বলেন, প্রবীণেরা সমাজের শিকড়। জীবনের শেষ সময়ে তাঁরা যেন অবহেলা ও একাকিত্বে না ভোগেন, তা নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ও কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ রতনও বক্তব্য দেন।
দৈনিক আগামীর সময় গোল্ড ক্লাবের পরিচালক দন্ত্যস রওশন বলেন, প্রবীণদের যত্ন নেওয়া, তাঁদের ভালোবাসা ও সম্মান দেওয়া তরুণ প্রজন্মের দায়িত্ব। তাঁরা এমন একটি সমাজ দেখতে চান, যেখানে প্রবীণেরা যথাযথ মর্যাদা ও যত্ন পাবেন।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির জাতীয় কাউন্সিলের সদস্য মতিউর রহমান লাল্টু বলেন, প্রবীণেরা পরিবার ও সমাজের অভিভাবক এবং অভিজ্ঞতার অমূল্য ভান্ডার। তাঁদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা সমৃদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক আগামীর সময়ের সম্পাদক মোস্তফা মামুন বলেন, প্রবীণদের সম্মান করা কোনো করুণা নয়, এটি তাঁদের অধিকার। জীবনের শেষভাগে তাঁরা যেন একাকিত্বের শিকার না হন, তা নিশ্চিত করা সবার মানবিক ও সামাজিক দায়িত্ব।
প্রধান আলোচক অধ্যাপক এস আর খান বলেন, শারীরিক অসুস্থতার চেয়ে প্রবীণেরা অনেক সময় মানসিক একাকিত্বে বেশি ভোগেন। নতুন প্রজন্মকে তাঁদের প্রতি সংবেদনশীল হতে হবে, সময় দিতে হবে এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁদের মতামতকে গুরুত্ব দিতে হবে।
উৎসবে অংশ নেওয়া প্রত্যেক প্রবীণকে স্মারক উপহার ও উত্তরীয় দেওয়া হয়। পাশাপাশি দিনব্যাপী বিনা মূল্যে স্বাস্থ্যশিবিরে রক্ত পরীক্ষা, চক্ষু পরীক্ষা ও সাধারণ স্বাস্থ্যসেবা দেওয়া হয়। প্রবীণ ও অতিথিদের জন্য ছিল মধ্যাহ্নভোজের আয়োজন।
বিকেলের পর্বে পুরোনো দিনের গান ও লালনগীতির পরিবেশনা এবং উপহার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় উৎসব। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কবি ও নাট্যকার লিটন আব্বাস এবং মীর ফরহাদ ফয়সাল রনি। আয়োজনে সহযোগিতা করে কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি (মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিস হাসপাতাল), ড. নাসের ফাউন্ডেশন ও মধুস ফ্যাশন।