ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

এইচএসসির ফল

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ
×
×

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা। ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ১১:৫৪ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ | ১২:৪৯

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৩৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১ হাজার ১৮ জন ছাত্র এবং ১ হাজার ১১৯ জন ছাত্রী।

শনিবার সকাল ১১টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শাহাদত উল্লাহ।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.জ.ম. রেজউল করিম খান। বিশেষ অতিথি ছিলেন বোর্ডের সচিব প্রফেসর মো. এনামুল হক ও কলেজ পরিদর্শক প্রফেসর এস.এম. আরিফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ ড. আ খ ম কামাল হাসান।

বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর এইচএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিলেন ৭৩ হাজার ৪২০ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৭০ হাজার ৬৭৩ জন। অংশগ্রহণকারীদের মধ্যে ৩৩ হাজার ৩৭ জন ছাত্র এবং ৩৭ হাজার ৬৩৬ জন ছাত্রী। মোট উত্তীর্ণ হয়েছেন ৩৬ হাজার ৩৫৪ জন। তাঁদের মধ্যে ছাত্র ১৫ হাজার ৬৪৭ জন এবং ছাত্রী ২০ হাজার ৭০৭ জন।

ফলাফলে দেখা গেছে, জিপিএ-৫ ছাড়াও জিপিএ ৪ থেকে ৫-এর মধ্যে পেয়েছেন ৮ হাজার ১৯৫ জন এবং জিপিএ ৩ দশমিক ৫০ থেকে ৪-এর মধ্যে পেয়েছেন ৮ হাজার ৫১৮ জন।

এ বছর বোর্ডের অধীনে ১১৩টি কেন্দ্রে ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা পাঁচটি। অন্যদিকে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে ১৯টি প্রতিষ্ঠানে।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার সবচেয়ে বেশি, ৭৫ দশমিক ৫৬ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৪৫ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪২ দশমিক ৭২ শতাংশ।

জেলাভিত্তিক ফলাফলে ময়মনসিংহ জেলায় পাসের হার সবচেয়ে বেশি, ৫৯ দশমিক ৩৩ শতাংশ। এ ছাড়া শেরপুরে ৪৫ দশমিক ৬৫ শতাংশ, নেত্রকোনায় ৪৩ দশমিক ৯১ শতাংশ এবং জামালপুরে ৪৩ দশমিক ৩৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন।

আরও পড়ুন

×