ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ

৫২ শিক্ষার্থীর ৪৮ জন পেলেন জিপিএ-৫

শতভাগ পাস, জেলায় শীর্ষস্থান

৫২ শিক্ষার্থীর ৪৮ জন পেলেন জিপিএ-৫
×
×

সংগৃহীত ছবি

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ১৮:০৭ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ | ১৮:১২

এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডের ফলাফল কমলেও প্রতিবছরের ন্যায় এবারও জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ জেলার শীর্ষ স্থান অর্জন করেছে। এই কলেজ থেকে ৫২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪৮ জন জিপিএ-৫ পেয়েছে। পাস করেছে ৫২ জনই। পাসের হার শতভাগ।

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ জানান, এ সাফল্য বিগত কয়েক বছর ধরে অর্জিত ধারাবাহিক সাফল্যেরই অংশ। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সঠিক দিকনির্দেশনা এবং কলেজের অধ্যক্ষ মো. ইয়াছিনের তত্ত্বাবধানে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ এ ঈর্ষণীয় সাফল্য অর্জনে সক্ষম হয়েছে।

পরীক্ষার্থীরা তাদের এ সাফল্যের পেছনে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ এবং তাদের অভিভাবকবৃন্দের সহযোগিতার কথা উল্লেখ করেছেন।

কলেজের অধ্যক্ষ মো. ইয়াছিন আশা প্রকাশ করেন, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের এ সাফল্যের ধারা ভবিষ্যতেও অক্ষুণ্ন থাকবে।

জেলার অন্যান্য পরিচিত প্রতিষ্ঠানের মধ্যে জয়পুরহাট সরকারি কলেজ থেকে ১ হাজার ১৫৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৫৪ জন, জিপিএ-৫ পেয়েছে ৬৩ জন। পাসের হার ৭৩ দশমিক ৭৫ শতাংশ। জয়পুরহাট সরকারি মহিলা কলেজ থেকে ৭৩১ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৪৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১২ জন। পাসের হার ৬১ দশমিক ১৫ শতাংশ। 

আরও পড়ুন

×