গণভোটের রায় নিয়ে সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সমকাল
ইবি প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ১০:৩১
গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। বর্তমান সরকারি দলসহ সব পক্ষই প্রতিশ্রুতি দিয়েছিল, ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। কিন্তু সরকার সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি।
শনিবার রাত ১১টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সরকারের একজন মুখপাত্র সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, জুলাই সনদ অন্তহীন প্রতারণার দলিল। অথচ এখন দেখা যাচ্ছে, তারাই জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছেন। সরকার জনগণকে অপমান করেছে। সেই অপমানের প্রতিবাদ জানাতেই তারা রাজপথে নেমেছেন।
তিনি আরও বলেন, ইতিহাস সাক্ষী, যখনই জনতার রায়কে অপমান ও অবজ্ঞা করা হয়েছে, তখনই সংশ্লিষ্টদের কঠিন পরিণতি ভোগ করতে হয়েছে।
১১ দলীয় ঐক্যের সাত দফাকে জনগণের অধিকার আদায়ের দাবি উল্লেখ করে জামায়াতের আমির বলেন, তাদের সাতটি দফার একটিও দলীয় স্বার্থসংশ্লিষ্ট নয়। প্রতিটি দফা দেশের ১৮ কোটি মানুষের অধিকার ফিরিয়ে আনার দাবি। এসব অধিকার আদায়ে কোনো অন্যায়ের কাছে তারা মাথা নত করবেন না। হুমকি-ধমকি দিয়েও তাদের দমিয়ে রাখা যাবে না।
এর আগে একই পথসভায় বক্তব্য দেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদসহ অন্য নেতারা।
- বিষয় :
- গণভোট
- জামায়াতে ইসলামী
- ডা. শফিকুর রহমান