ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

দাফনে বাধা দিয়ে মুসলমান হিসেবে দাবি করতে পারেন না

দাফনে বাধা দিয়ে মুসলমান হিসেবে দাবি করতে পারেন না
×
×

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধাদানের প্রতিবাদে গতকাল বুধবার মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন বীর মুক্তিযোদ্ধারা সমকাল

 মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ০৮:৩৪

| প্রিন্ট সংস্করণ

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধাদানের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মানিকগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা। ওই ন্যক্কারজনক ঘটনা সংঘটনকারীদের উদ্দেশে তারা বলেন, আপনারা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান করেছেন। আপনারা নিজেদের মুসলমান হিসেবে দাবি করতে পারেন না।

মানিক পশারীর দাফনে বাধা এবং জামায়াত-শিবিরের দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে গত বুধবার মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন বীর মুক্তিযোদ্ধারা। এদিন দুপুরের দিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে শহরে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে মিলিত হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল মান্নানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মনছুর উদ্দিন আহম্মেদ, ঢাকা মহানগর এরিয়ার মুক্তিযোদ্ধা কমান্ড নুরুল বাশার, জেলা মুক্তিযোদ্ধা কমিটির সদস্য সচিব শহিদুল হক, সাংগঠনিক কমান্ড সরফুদ্দিন আহম্মেদ নুরু, শিবালয় উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার জালাল উদ্দিন, দৌলতপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ প্রমুখ।
মুক্তিযোদ্ধা সৈয়দ মনছুর উদ্দিন আহম্মেদ বলেন, আমরা যারা যুদ্ধ করে এই বাংলাদেশ স্বাধীন করেছি, আমরাই জামায়াত-শিবিরকে এই দেশে বিচরণ করা সুযোগ দিয়েছি। আজকে প্রতিবাদ করছি। এরপরে আর প্রতিবাদ হবে না, হবে প্রতিরোধ। তিনি আরও বলেন, আপনারা পালাবার জায়গাও পাবেন না। হাসিনা তো ভারতে পালিয়ে যেতে পেরেছে। আপনারা পাকিস্তানের দালালি করে পালাবার পথ খুঁজে পাবেন না।

আরও পড়ুন

×