চাঁদাবাজি-নির্মাণকাজ নিয়ন্ত্রণ নিয়ে বিরোধে হামলা, একজন আহত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ০৮:৩৬
| প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শুটার শাকিল নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তারাব পৌরসভার বরাব এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাকিলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, তারাব পৌরসভার বরাব ও রসুলপুর এলাকায় চাঁদাবাজি, দখলবাজি ও নির্মাণকাজের নিয়ন্ত্রণ নিয়ে শুটার শাকিল ওরফে বুলেট শাকিলের পক্ষের সঙ্গে ছাত্রদল নামধারী মিরাজ হোসেনের পক্ষের বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, ওই এলাকায় কেউ নতুন বাড়িঘর নির্মাণ করতে গেলে দুই পক্ষের লোকজনই চাঁদা দাবি করেন। পাশাপাশি নির্মাণসামগ্রী সরবরাহ থেকে শুরু করে পুরো নির্মাণকাজ তাদের দিয়ে করানোর জন্য চাপ দেওয়া হয়।
স্থানীয়দের ভাষ্য, কিছুদিন আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাকিলের নেতৃত্বে সিয়ামসহ কয়েকজন মিরাজ হোসেন ও তাঁর পক্ষের মাহিনের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয় বলেও অভিযোগ রয়েছে।
এরই পাল্টা হিসেবে গত মঙ্গলবার সন্ধ্যায় মিরাজের পক্ষের লোকজন শাকিলের ওপর হামলা চালান। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। গত ১০ সেপ্টেম্বর তারাব পৌরসভার বরাব-রসুলপুর এলাকা থেকে শাকিলকে গ্রেপ্তার করেছিল রূপগঞ্জ থানা পুলিশ। মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন। পরে তিনি জামিনে কারামুক্ত হন।
এ বিষয়ে বক্তব্য জানতে মিরাজ হোসেনকে কল দিয়ে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। হাসপাতালে চিকিৎসাধীন শাকিলকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
ছাত্রদলের একটি সূত্র জানায়, মিরাজ ছাত্রদলের কোনো পদে নেই। তিনি ছাত্রদলের নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্ম করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, মারামারির ঘটনার কথা শুনেছি। মিরাজ হোসেন ছাত্রদলের নাম ব্যবহার করে মাদক এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কিনা– আমার জানা নেই। এ বিষয়ে আমরা তদন্ত করে দেখব। সন্ত্রাসী ভূমিদস্যু এবং মাদক কারবারি যেই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না। আমরা তাকে আইনের হাতে সোপর্দ করব।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, তারাব পৌরসভার বরাব এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায় শুটার শাকিল নামে একজন আহত হয়েছেন। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- চাঁদাবাজি