ঢাকা রোববার, ২২ নভেম্বর ২০২৬

২ বছর পর রাখাইনে রপ্তানি শুরু টেকনাফের সিমেন্ট

২ বছর পর রাখাইনে রপ্তানি শুরু টেকনাফের সিমেন্ট
×
×

ছবি: সংগৃহীত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ১৯:০৭

প্রায় দুই বছর বন্ধ থাকার পর কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও সিমেন্ট রপ্তানি শুরু হয়েছে। গত বৃহস্পতিবার তিন ব্যবসায়ীর ৮৭০ বস্তা সিমেন্ট রপ্তানি করা হয়। দীর্ঘদিন রপ্তানি বন্ধ থাকায় বন্দরের বিভিন্ন গুদামে ব্যবসায়ীদের ২২ হাজার ৮৫০ বস্তা সিমেন্ট নষ্ট হয়ে গেছে। এতে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে, আমদানি-রপ্তানি বাণিজ্য ব্যাহত হওয়ায় রাজস্ব হারিয়েছে সরকার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মার্চের শেষ দিকে সর্বশেষ বাংলাদেশ থেকে রাখাইনে সিমেন্ট আমদানি করা হয়েছিল। এরপর থেকে রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। অভিযোগ ছিল, বাংলাদেশের সিমেন্ট ব্যবহার করে রাখাইনে বাংকার কিংবা সুড়ঙ্গ নির্মাণের আশঙ্কায় সিমেন্ট আমদানিতে কড়াকড়ি আরোপ করা হয়েছিল। ওই সময় রপ্তানির জন্য বন্দরে নিয়ে আসা বিপুল পরিমাণ সিমেন্ট আটকে পড়ে। দীর্ঘদিন গুদামে পড়ে থাকায় সেগুলোর বড় অংশ নষ্ট হয়ে যায়।

তবে নতুন করে সিমেন্ট রপ্তানির পথ খুলেছে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি নির্দেশনার মাধ্যমে। গত ১০ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব মোহাম্মদ আব্দুস সাদেক স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, রপ্তানি নীতি ২০২৪-২০২৭ অনুযায়ী সিমেন্ট অবাধে রপ্তানিযোগ্য পণ্য। তাই, সিমেন্ট রপ্তানির ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি অনুমতি (এক্সপোর্ট পারমিট) প্রয়োজন নেই। ওই নির্দেশনার পর টেকনাফ স্থলবন্দর দিয়ে নতুন করে রাখাইনে সিমেন্ট রপ্তানি শুরু হয়েছে বলে জানিয়েছে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ।

টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা এম আর জামান বাধন বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় থেকে রপ্তানির বিষয়ে নতুন চিঠি পাওয়ার পর আবারও সিমেন্ট রপ্তানি শুরু হয়েছে। প্রথম দিনে ৮৭০ বস্তা সিমেন্ট মিয়ানমারে রপ্তানি হয়েছে। আজকেও হাজার খানেক ব্যাগ সিমেন্ট রপ্তানি প্রক্রিয়া চলছে।’

তিনি আরও বলেন, ‘তবে মিয়ানমারের সংঘাতের কারণে মংডুর সঙ্গে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি চলমান থাকলেও ইয়াঙ্গুনের সঙ্গে বাণিজ্যের পথ এখনো বন্ধ রয়েছে।’

বন্দরসংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীরা জানান, প্রায় দুই বছর ধরে মিয়ানমারে সিমেন্ট রপ্তানি বন্ধ থাকায় বন্দরের কয়েকটি গুদামে ২২ হাজার ৮৫০ বস্তা সিমেন্ট নষ্ট হয়ে গেছে। এর মধ্যে একজন ব্যবসায়ীরই রয়েছে ৮ হাজার ৮০০ বস্তা। এতে ব্যবসায়ীদের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। পাশাপাশি মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির সংঘাতের কারণে দুই দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। বাণিজ্য কার্যক্রম সীমিত হয়ে পড়ায় বিপাকে পড়েছেন টেকনাফের ব্যবসায়ীরা। রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে সরকার।

টেকনাফ স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স ফারুক ট্রেডার্সের স্বত্বাধিকারী ওমর ফারুক বলেন, ‘রপ্তানি বন্ধ থাকায় বন্দরের গুদামে আমার ৮ হাজার ৮০০ বস্তাসহ ২২ হাজারের বেশি বস্তা সিমেন্ট নষ্ট হয়ে গেছে। এতে আমার মতো অনেক ব্যবসায়ী ব্যাপক লোকসানের মুখে পড়েছেন। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনার পর আবারও সিমেন্ট রপ্তানি শুরু হয়েছে। এরই মধ্যে চট্টগ্রামের নে টং ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের কিছু সিমেন্ট আমার সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান মেসার্স জাওয়াদ এন্টারপ্রাইজের মাধ্যমে রপ্তানি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সিমেন্ট রপ্তানি হলে দেশের বৈদেশিক মুদ্রা আয় বাড়বে, যা অর্থনীতির জন্য ইতিবাচক। পাশাপাশি ব্যবসায়ীরাও লাভবান হবেন। এ ছাড়া নদীপথে সিমেন্ট চোরাচালান রোধেরও সম্ভাবনা রয়েছে।’

টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের জেনারেল ম্যানেজার জসিম উদ্দীন চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন বন্ধ থাকার পর কাস্টমস কর্তৃপক্ষের ছাড়পত্র পাওয়ায় সিমেন্টবাহী ট্রলার ছাড়ার অনুমতি দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ৮৭০ বস্তা সিমেন্ট নিয়ে একটি ট্রলার ছেড়ে গেছে। আজ রোববার আরও বেশ কিছু সিমেন্টবোঝাই ট্রাক বন্দরে পৌঁছেছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘সিমেন্ট রপ্তানির বিষয়ে আমি শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।’

বন্দরসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ২০২৪ সালের ডিসেম্বরে মিয়ানমারের ২৭১ কিলোমিটার সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর গত বছরের জানুয়ারিতে ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে চারটি পণ্যবাহী নৌযান আটক করে কমিশন দাবি করে আরাকান আর্মি। এরপর থেকে ইয়াঙ্গুন হয়ে বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বন্ধ ঘোষণা করে দেশটির জান্তা সরকার। তবে বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা মংডু এলাকার সঙ্গে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু রয়েছে। দীর্ঘ বিরতির পর রাখাইনে সিমেন্ট রপ্তানি শুরু হওয়ায় টেকনাফের ব্যবসায়ীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তবে মিয়ানমারের চলমান সংঘাত, সীমান্ত পরিস্থিতি এবং বাণিজ্যিক অনিশ্চয়তার কারণে রপ্তানি কার্যক্রম কতটা নিয়মিত ও বিস্তৃত হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

আরও পড়ুন

×