খাগড়াছড়িতে ১১ মাসে নারী শিশু নির্যাতনের ৯৯ তথ্য
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ০৮:৩১
| প্রিন্ট সংস্করণ
চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে খাগড়াছড়ি পার্বত্য জেলায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার ৯৯টি ঘটনা নথিভুক্ত হয়েছে। গতকাল বুধবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও সেমিনারে এসব তথ্য জানানো হয়।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন কমিটি এ উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে মানববন্ধনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করে। পরে ওই প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত সেমিনারে এ-সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, জেলায় ১১ মাসে নির্যাতনের ৯৯টি ঘটনার মধ্যে শারীরিক নির্যাতনের ঘটনা ৪৫টি। এ ছাড়া আত্মহত্যার চেষ্টা ৩০টি, মানসিক নির্যাতনের পাঁচটি, অপহরণের পাঁচটি, ধর্ষণের নয়টি, ধর্ষণচেষ্টার চারটি ও অন্যান্য একটি ঘটনা রয়েছে।
আলোচকরা নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য ১৩ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে পার্বত্য তিন জেলায় বিশেষ ট্রাইব্যুনাল স্থাপন, দ্রুত বিচার নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের নিরাপত্তা ও সহায়তা জোরদার।
খাগড়াছড়ির স্থানীয় পরিসংখ্যান তুলে ধরে মূল প্রবন্ধে আয়োজক কমিটির সদস্য ও জাবারাং কল্যাণ সমিতির প্রতিনিধি দয়ানন্দ ত্রিপুরা জানান, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত জেলায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার ৯৯টি ঘটনা নথিভুক্ত হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এসব তথ্যের পাশাপাশি অনেক অপ্রকাশিত ঘটনাও থাকতে পারে। ফলে প্রকৃত চিত্র আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা রয়েছে।
সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক ও খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক গীতিকা ত্রিপুরা। স্বাগত বক্তব্য দেন আলাম সভানেত্রী নমিতা চাকমা।
আলোচনায় অংশ নেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বিশ্বজিৎ চাকমা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা, আলো’র নির্বাহী পরিচালক অরুণ কান্তি চাকমা, তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা এবং কাবিদাংয়ের নির্বাহী পরিচালক লালসা চাকমা প্রমুখ।
- বিষয় :
- নারী ও শিশু