ডেঙ্গু ঠেকাতে ঘরে ঘরে সিসিক প্রশাসক
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ২২:৫১
কেবল সিটি করপোরেশনের কর্মীদের ওপর ভরসা করে পরিচ্ছন্ন নগরী গড়া সম্ভব নয়, এই বার্তা নিয়ে এবার সরাসরি নগরবাসীর দুয়ারে পৌঁছালেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। আজ বৃহস্পতিবার সকালে নগরীর জল্লারপাড় এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তিনি বাসিন্দাদের আঙিনা পরিষ্কার রাখা, নির্ধারিত স্থানে ময়লা ফেলা এবং কোথাও পানি জমতে না দেওয়ার অনুরোধ জানান।
এডিস মশার বংশবিস্তার রোধে লার্ভা ধ্বংস ও মশক নিধনে সিলেট নগরীর সব কটি ওয়ার্ডে একযোগে অভিযান চালাচ্ছে সিসিক। চলমান এ কার্যক্রম সরেজমিন দেখতে গিয়ে প্রশাসক শুধু কর্মীদের কাজ তদারকিতেই থেমে থাকেননি।
নাগরিকদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা তৈরি করতে বাড়ি বাড়ি গিয়ে বার্তা পৌঁছে দেন সিসিক প্রশাসক। এ সময় তিনি বাসিন্দাদের হাতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
পরিদর্শনের সময় কয়েকটি বাড়ির আশপাশে ময়লা-আবর্জনা জমে থাকতে দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। বাড়ির মালিকদের নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার পাশাপাশি পরিচ্ছন্ন নগর গড়তে দায়িত্ব পালনের অনুরোধ জানান।
প্রশাসক বলেন, আমরা একটি পরিচ্ছন্ন নগরী গড়তে চাই, যেখানে কোথাও ময়লা-আবর্জনা পড়ে থাকবে না। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি কমবে এবং মশাবাহিত রোগ থেকেও সুরক্ষা মিলবে। বিশেষ করে ডেঙ্গুর বিস্তার রোধে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, সিলেটে এখনো এডিসের বিস্তার ঘটেনি। তবে ডেঙ্গুতে কারও প্রাণহানি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে না হয়, সেজন্য আগাম সতর্কতা হিসেবে মশক নিধন ও লার্ভা ধ্বংসে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, চলতি বছরের জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সিলেটে ২১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি। তিনি বলেন, নগরবাসীকে নিরাপদ রাখার লক্ষ্য নিয়ে কাজ করছি।’
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিৎ দেব, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
- বিষয় :
- সিসিক