৩০তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুদ্দোজা, সম্পাদক তৌছিফ
সভাপতি মো. বদরুদ্দোজা ও সাধারণ সম্পাদক তৌছিফ আহমেদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ | ০০:১৭
৩০তম বিসিএস (প্রশাসন) সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন মো. বদরুদ্দোজা এবং সাধারণ সম্পাদক হয়েছেন তৌছিফ আহমেদ।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করে। এর আগে ২২ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি পদে ঢাকা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপসচিব মো. বদরুদ্দোজা শুভ এবং সাধারণ সম্পাদক পদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ পুনর্নির্বাচিত হয়েছেন।
নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে পরিচালনার জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সরকারি কর্মচারী হাসপাতালের পরিচালক (প্রশাসন) ও উপসচিব মো. নবীনেওয়াজ। অন্য দুই সদস্য ছিলেন অর্থ বিভাগের উপসচিব মো. নাসিম আহমেদ এবং ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপসচিব রায়হান আহমেদ।
নির্বাচন কমিশন গত ২২ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী ভোটার তালিকা চূড়ান্তকরণ, মনোনয়নপত্র গ্রহণ ও যাচাই-বাছাই, আপিল নিষ্পত্তি এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশসহ সব কার্যক্রম নির্ধারিত সময়ে সম্পন্ন হয়। ২৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে।
গঠনতন্ত্রের ১৪(ক) ধারা অনুযায়ী, নবনির্বাচিত কমিটির মেয়াদ দায়িত্ব গ্রহণের তারিখ থেকে দুই বছর।
পুনর্নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতি আস্থা রাখায় অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা বলেন, সদস্যদের এই আস্থা তাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। সবার সহযোগিতায় সদস্যদের পেশাগত অধিকার ও স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করা এবং কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণে নবনির্বাচিত কমিটি কাজ করবে।
সুষ্ঠু, স্বচ্ছ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করায় প্রধান নির্বাচন কমিশনার, কমিশনের সদস্য এবং অ্যাসোসিয়েশনের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন তারা। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- কমিটি গঠন
- কমিটি অনুমোদন