ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সক্ষম হয়েছে: এমপি শাওন

সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সক্ষম হয়েছে: এমপি শাওন
×

কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হচ্ছে

লালমোহন প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০ | ০৩:২৫ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০ | ০৭:৫৯

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে নানা উদ্যোগ নিয়ে উৎপাদন বাড়িয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সক্ষম হয়েছেন। বিএনপি ক্ষমতায় থাকাকালীন অসহায় কৃষকদের সারের জন্য হত্যা করত। কিন্তু বর্তমানে আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় কৃষকরা বিনামূল্যে সার ও বীজ পাচ্ছেন।

বুধবার ভোলার লালমোহন উপজেলা চত্বরে ২ হাজার ৫শ’ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকারের কৃষিক্ষেত্রে গৃহীত উন্নয়ন কর্মকাণ্ডের ফলে আজ কৃষির প্রত্যেকটি খাতে ধনাত্মক পরিবর্তন হয়েছে। ফসল, মৎস্য ও প্রাণিসম্পদ প্রত্যেকটি খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হওয়ায় এখন এ দেশের কৃষক কেবল খাদ্য নিরাপত্তা নয়; বরং পুষ্টি নিরাপত্তা বিধানের লক্ষ্যে দেশ এগিয়ে যাচ্ছে। 

তিনি বলেন, খাদ্যশস্য এবং সবজি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনে দেশ আজ এক নতুন মাত্রায় উন্নীত হয়েছে। দেশের জনসংখ্যা বৃদ্ধি এবং জমি হ্রাসের প্রেক্ষাপটে জনমানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিধানের জন্য সরকার নানামুখী ব্যবস্থা নিয়ে চলেছে। কৃষিবান্ধব বর্তমান সরকার সত্যিকার অর্থেই খাদ্য ঘাটতির দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত করার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে।

নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, সরকারের অধিক তদারকির পাশাপাশি কৃষি মন্ত্রণালয়কে সক্রিয় ভূমিকা পালন করতে। সরকারিভাবে সরাসরি কৃষকদের থেকে ফসল কেনার সুযোগ সৃষ্টিসহ মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত কৃষকদের সঙ্গে পরামর্শমূলক দিকনির্দেশনা বা আলোচনা অব্যাহত রাখতে হবে। এতে অন্তত কৃষকরা বিরাট ক্ষতির হাত থেকে রেহাই পাবে।

এর আগে তিনি লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা এ. এফ. এম শাহাবুদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।  


আরও পড়ুন

×