শেবাচিমে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব বিকল
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২০ | ০৯:২৩ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ | ০৯:২৮
করোনাভাইরাস পরীক্ষায় বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) একমাত্র পিসিআর ল্যাবটি বিকল হয়ে গেছে। সেটি ফের চালু করতে কমপক্ষে ১০ দিন সময় লাগতে পারে বলে জানা গেছে।
বরিশাল বিভাগের পাঁচ জেলার (ভোলা ছাড়া) করোনাভাইরাস পরীক্ষার একমাত্র ভরসা ছিল শেবাচিমের পিসিআর ল্যাব। গত বৃহস্পতিবার থেকে সেটি বিকল হয়ে যায়।
শেবাচিমের অধ্যক্ষ ডা. এসএম সরোয়ার হোসেন শনিবার সমকালকে বলেন, পিসিআর ল্যাবটি সচল করার জন্য প্রকৌশলী বিশেষজ্ঞ দল শুক্রবার বিকেলে ঢাকা থেকে বরিশালে এসেছিল। তারা অনেক চেষ্টা করেও সেটি সচল করতে পারেনি। পুরো যন্ত্রটি ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
প্রকৌশলীরা জানিয়েছেন, সেটি সচল করে বরিশালে ফিরিয়ে আনতে কমপক্ষে ১০ দিন সময় লাগবে।
অধ্যক্ষ আরও জানান, শেবাচিমের পিসিআর মেশিন যতদিন সচল না হবে, ততদিন বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর থেকে সন্দেহজনক করোনা রোগীদের সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য ভোলায় পাঠানো হবে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, শনিবার থেকে পটুয়াখালীতে করোনার অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়েছে।
