ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

অষ্টম-নবম শ্রেণির শিক্ষার্থীদের বিরুদ্ধে পিইসিতে বসার অভিযোগ

অষ্টম-নবম শ্রেণির শিক্ষার্থীদের বিরুদ্ধে পিইসিতে বসার অভিযোগ
×

কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ | ০৬:৩০ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ | ০৬:৩৭

লক্ষ্মীপুরের কমলনগরে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় অষ্টম-নবম শ্রেণির শিক্ষার্থীদের অংশ নেওয়ার অভিযোগ উঠেছে।

উপজেলার শহীদনগর বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে মাধ্যমিক বিদ্যালয় পড়ুয়া ১১ শিক্ষার্থী আনন্দ স্কুলের পরীক্ষার্থী হয়ে এ পরীক্ষায় অংশ নিচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চরলরেন্স ইউনিয়নের ১১টি প্রাথমিক বিদ্যালয়, দুটি কিন্ডারগার্টেন ও নয়টি আনন্দ স্কুলের ৫৫০ জন শিক্ষার্থী শহীদনগর বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে নয়টি আনন্দ স্কুল থেকে অংশ নিচ্ছে ১৫২ জন পরীক্ষার্থী।

শহীদনগর বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের সচিব ও বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘প্রবেশপত্রের নাম ও ছবির সঙ্গে মিল থাকায় ওই সব শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। এ ক্ষেত্রে আমার করার কিছু নেই। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কীভাবে পিইসি পরীক্ষায় রেজিস্ট্রেশন করা হয়েছে সেটা কর্তৃপক্ষই ভালো জানেন।’

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, বিষয়টি তার জানা ছিলো না; খোঁজ-খবর নিয়ে অভিযোগের সত্যতা পেলে ওই পরীক্ষার্থীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আনন্দ স্কুলের উপজেলার ট্রেনিং কো-অর্ডিনেটর মো. নাজিম উদ্দিন জানান, এ ধরনের অভিযোগ পেয়ে তারা পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করছেন। ওই কেন্দ্রে এ ধরনের পরীক্ষার্থী পাওয়া গেলে শিক্ষার্থীসহ আনন্দ স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

উপজেলা শিক্ষা কর্মকর্তা এটিএম এহছানুল হক চৌধুরী বলেন, ‘বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি।’

আরও পড়ুন

×