ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

বগুড়ায় রেলের জমি থেকে ২০০ দোকান উচ্ছেদ

বগুড়ায় রেলের জমি থেকে ২০০ দোকান উচ্ছেদ
×

শহরের রেলওয়ে স্টেশনের বিপরীতে অবৈধভাবে গড়ে তোলা ২০০ দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ- সমকাল

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ | ০৭:৪০

বগুড়া শহরের রেলওয়ে স্টেশনের বিপরীতে অবৈধভাবে গড়ে তোলা ২০০ দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার রেলের পশ্চিমাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা রেজাউল করিম বিপুল এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, লাইসেন্স ফি না দিয়েই দোকানগুলো নির্মাণ করা হয়েছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, আব্দুল মান্নান আকন্দ নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার সহযোগীরা রেলওয়ে স্টেশনের দক্ষিণের ওই জায়গা 'বরাদ্দ পাওয়া'র কথা বলে দোকানগুলো নির্মাণ করে। পরে আকৃতি অনুযায়ী সেগুলো তিন থেকে ৪ লাখ টাকায় বিক্রি করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রেলওয়ে স্টেশনের ওই জায়গা বাণিজ্যিকভাবে ইজারা দেওয়ার জন্য কয়েকটি প্লটে ভাগ করে গত বছরের শুরুতে দরপত্র আহ্বান করা হয়। সর্বোচ্চ দর দাখিলকারীর নামে ডিমান্ড নোট ইস্যু এবং একই বছরের ২৬ আগস্টের মধ্যে লাইসেন্স ও নকশা ফির টাকা জমা দিতে বলা হয়। কিন্তু তারা সেই টাকা জমা না দিয়েই দোকান নির্মাণ করে তা বিক্রি শুরু করে।

রেলওয়ের কর্মকর্তারা জানান, যারা টেন্ডারে সর্বোচ্চ দর দাখিল করেছিলেন, তাদের মধ্যে মাত্র ৬৭ জন ছাড়া বাকিরা টাকা জমা দেননি। টাকা জমা না দিলেও সেখানে ২০০টি দোকান নির্মাণ করা হয়। অথচ টাকা জমা দেওয়া ৬৭ জনের জন্য কোনো দোকান রাখা হয়নি। এমনকি টেন্ডার করা হয়নি এমন জায়গাতেও দোকানঘর নির্মাণ করা হয়।

ক্রেতাদের একজন হায়দার আলী জানান, দুটি দোকান কেনার জন্য তিনি আওয়ামী লীগ নেতা আব্দুল মান্ন্নান আকন্দকে ৬ লাখ টাকা দিয়েছেন। এখন জানতে পারছেন, তার কাছ থেকে টাকা নেওয়া হলেও তা রেলওয়ে বিভাগে জমা করা হয়নি।

যোগাযোগ করা হলে শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান আকন্দ বলেন, তার নামে কোনো জায়গা কিংবা দোকান বরাদ্দ নেই। তিনি শুধু দোকানঘর নির্মাণের ঠিকাদার ছিলেন। তিনি বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ এভাবে উচ্ছেদ না করে দোকানগুলোর কাঠামো ঠিক রেখে নতুন করে টেন্ডার আহ্বান করতে পারত।

রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা রেজাউল করিম জানান, উচ্ছেদ শেষে নতুন করে টেন্ডার আহ্বান করা হবে।

আরও পড়ুন

×