লিবিয়ায় নিহত বাগমারার বাবু লালের বাড়িতে শোকের মাতম
আবুল হাছান ওরফে বাবু লাল
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ | ০৯:৫৮
লিবিয়ার ত্রিপোলিতে বিস্কুট কারখানায় বিমান হামলায় নিহত বাংলাদেশি আবুল হাছান ওরফে বাবু লালের বাড়িতে চলছে শোকের মাতম। মঙ্গলবার ভোরে লিবিয়া থেকে শরিফ নামে আরেক প্রবাসী ফোন করে তার মৃত্যুর খবর জানান। এরপর দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও রাজশাহীর বাগমারায় তার বাড়িতে গিয়ে এ খবর নিশ্চিত করা হয়। নিহত বাবু উপজেলার তাহেরপুর পৌরসভার বিশুপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। ত্রিপোলির উপকণ্ঠ ওয়াদি রাবিয়ায় সোমবার বিস্কুট কারখানায় বিমান হামলায় বাবু লালসহ সাতজন নিহত হন।
বাবু লালের বড় ভাই রুস্তম আলী জানান, পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় ২০০৯ সালে লিবিয়া যান বাবু। ১০ বছর ধরে ওয়াদি রাবিয়ায় একটি বিস্কুট কারখানায় কাজ করছিলেন তিনি। মঙ্গলবার ভোরে লিবিয়ায় শরিফ নামের তার এক বন্ধু ফোন করে মারা যাওয়ার বিষয়টি জানান। তার বাড়ি নাটোরের নলডাঙ্গায়।
বাবু লালের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে নাহিদ ইসলাম (১৪) জেএসসি পরীক্ষা দিয়েছে। আর মেয়ে ববি খাতুনের (২২) বিয়ে হয়েছে।
কান্নাজড়িত কণ্ঠে বাবু লালের ছেলে নাহিদ ইসলাম জানায়, তার বাবার বাড়ি বানানোর আশা পূরণ হলো না। বাড়ি বানানোর জন্য পাশের এলাকা জামগ্রামে দেড় লাখ টাকায় সাড়ে পাঁচ কাঠা জমি কিনেছেন তার বাবা। সোমবার সেই জমি রেজিস্ট্রি হয়েছে। সেখানে মাস খানেকের মধ্যে বাড়ির কাজ শুরুর কথা ছিল।
নাহিদ বলে, সোমবার সকাল ১০টায় এবং ১১টায় দু'বার ইমোর মাধ্যমে বাবার সঙ্গে কথা হয়। জমি রেজিস্ট্রির পর আবার ফোন দেওয়ার কথা ছিল। দুপুর ১টার পর আবার ফোন দিই। কিন্তু আর ফোন ঢুকেনি।
তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ বলেন, কৃষক পরিবারের সন্তান বাবু লাল। তিনি বিদেশ যাওয়ার পর তাদের পরিবারে সচ্ছলতা ফিরে আসে। তার বৃদ্ধ বাবা লুৎফর রহমান ও ভাই রুস্তম আলী সংসার দেখাশোনা করেন। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি আবারও দুর্দশায় পড়ল।
রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় থেকে লিবিয়ায় বাবু লালের প্রাণহানির কথা তাকে জানানো হয়। পরে বাগমারার বিশুপাড়া গ্রামে খোঁজখবর নিয়ে তার পরিচয় নিশ্চিত হই আমরা।
- বিষয় :
- রাজশাহী
- লিবিয়া প্রবাসী
