মহাখালী থেকে ছাড়েনি দূরপাল্লার বাস
মহাখালী বাস টার্মিনাল (ফাইল ছবি)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ | ২৩:১৮ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ | ২৩:৪১
নতুন সড়ক পরিবহন আইন প্রণয়নের পর থেকে তা সংশোধনের দাবি করে দেশের বিভিন্ন জেলায় পরিবহন ধর্মঘট চলছে। এর প্রভাব পড়েছে রাজধানী ঢাকাতেও।
বুধবার ভোর থেকে মহাখালী বাস টার্মিনাল থেকে দূর পাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
এ টার্মিনাল থেকে দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন ময়মনসিংহ, কিশোরগঞ্জ, জামালপুর ও শেরপুরসহ বিভিন্ন দূরপাল্লার গন্তব্যের যাত্রীরা।
সকালে মহাখালী টার্মিনালে গিয়ে দেখা যায়, বাসের অপেক্ষায় অনেক যাত্রী টার্মিনালে অপেক্ষা করছেন। কিন্তু ছেড়ে যাচ্ছে না কোনো বাস।
ময়মনসিংহ যাবেন মোহাম্মদ খালিদ। সকাল ৭টায় মহাখালী টার্মিনালে এসেছেন। কিন্তু কোনো বাস ছেড়ে না যাওয়ায় বিপাকে পড়েছেন। তিনি বলেন, সকাল থেকে কোনো বাস ছাদেনি। বাস কখন ছাড়বে বুঝতে পারছি না।
মহাখালী টার্মিনাল মালিক সমিতির সভাপতি আব্দুল কালাম বলেন, রাজধানীতে কোনো ধর্মঘট নেই। তবে নতুন আইন কার্যকরের পর শ্রমিকেরা হয়রানির শিকার হচ্ছেন। তাই বাস মালিক ও শ্রমিকেরা সড়কে গাড়ি নামাচ্ছেন না।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, বাস মালিকদের কোনো কর্মসূচি নেই। তবে সকাল থেকে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যানের মালিক-শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। অনেক জায়গায় ট্রাক শ্রমিকেরা বাস আটকে দিচ্ছে। তাই নিরাপত্তার জন্য বাস মালিকেরা সড়কে বাস নামাচ্ছে না।
