সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় ভ্যান চালক নিহত
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ | ০০:৩০
সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় আবুল বাশার (৩৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে সাতক্ষীরা সদরের আলিপুর হাটখোলা মোড়ে এ ঘটনাটি ঘটে। বুধবার সকালে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করেছে।
নিহত ভ্যান চালক সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটার বেউলা শ্বেতপুর গ্রামের নুর হোসেন গাইনের ছেলে। তিনি শহরের একটি এলজি শোরুমে ফ্রিজ আনা নেওয়ার কাজ করতেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাতে ভ্যানে করে ফ্রিজ নিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে দ্রুতগামী একটা পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় তিনি ভ্যানসহ রাস্তার পাশে একটি ডোবায় পড়ে যান। বুধবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
