ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ড্রেনে পড়ে কবি বাসিতের মৃত্যু, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

ড্রেনে পড়ে কবি বাসিতের মৃত্যু, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০ | ১১:৪৬

সিলেটে নির্মাণাধীন ড্রেনে পড়ে কবি ও ছড়াকার আব্দুল বাসিত মোহাম্মদের মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। এ ছাড়া নগর উন্নয়ন ও সংস্কার কাজে পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী রাখা এবং নিহত কবির পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সংক্ষুব্ধ নাগরিকবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার নগরীর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন এ কর্মসূচি পালন করে। এতে বক্তারা বলেন, কবি আব্দুল বাসিতের মৃত্যু নিছক দুর্ঘটনা নয়। এই মৃত্যুর জন্য সিলেট সিটি করপোরেশন দায়ী।

সিলেট জেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশের (ইমজা) সাধারণ সম্পাদক সজল ছত্রীর সঞ্চালনায় বক্তৃতা করেন সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের সমন্বয়ক আব্দুল করিম কিম, নিহত কবির ছোট ভাই মোহাম্মদ এহিয়া আহমেদ, সাংস্কৃতিক সংগঠক এনামুল মুনির, ভাষা শহীদ মতিন উদ্দিন চৌধুরী জাদুঘরের প্রতিষ্ঠাতা ও প্রত্নতত্ত্ব সংগ্রাহক ডা. মোস্তাফা শাহজামান চৌধুরী বাহার, অধ্যাপক তাহমিনা ইসলাম, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ প্রমুখ।

কবি বাসিতের মৃত্যুর প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, সিলেটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে। নগরীর আম্বরখানা পয়েন্টে জেলা বাসদের সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মহানগরের আহ্বায়ক সনজয় শর্মার পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন জুবায়ের আহমদ চৌধুরী সুমন, শাহজান আহমদ প্রমুখ।

এদিকে কবির মৃত্যুতে শোক প্রকাশ করেছে সম্মিলিত সংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট। এক যৌথ বিবৃতিতে উভয় সংগঠনের নেতারা বলেন, কবি আব্দুল বাসিতের মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়। বিবৃতিদাতারা হলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

আরও পড়ুন

×