ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

বগুড়ার সব রুটে যান চলাচল বন্ধ

বগুড়ার সব রুটে যান চলাচল বন্ধ
×

বগুড়ায় বাস চলাচল বন্ধ-সমকাল

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ | ০১:৪৪ | আপডেট: ২০ নভেম্বর ২০১৯ | ০১:৪৭

নতুন সড়ক পরিবহন আইন পরিবর্তনের দাবিতে বুধবার সকাল থেকে বগুড়ার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। 

এর আগে মঙ্গলবার শুধু অভ্যন্তরীণ ৬ রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। বুধবার থেকে পরিবহন শ্রমিকরা সড়ক-মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচলেও বাধা দিচ্ছে। ফলে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এমন পরিস্থিতিতে ব্যাটারি চালিত অটোরিকশা এবং মোটর সাইকেলে যাত্রী পরিবহন করা হচ্ছে। তবে মোটর সাইকেল চালকরা যাত্রীদের কাছ থেকে তিন থেকে চারগুণ ভাড়া আদায় করছেন।

যানবাহন বন্ধ থাকায় ফাঁকা বগুড়া-নওগাঁ মহাসড়ক। বগুড়া থেকে তোলা ছবি- সমকাল

হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেওয়া নিয়ে বগুড়া মোটর মালিক গ্রুপের নেতৃবৃন্দ কোন কথা বলতে রাজি  হননি। 

তবে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল দাবি করেছেন তাদের কোন শ্রমিক ধর্মঘটের সঙ্গে জড়িত নেই। 

তিনি জানান, সিরাজগঞ্জের চান্দাইকোনার ওপর দিয়ে কোন বাস চলাচল করতে দেওয়া হচ্ছে না বলে বগুড়ার কোন যানবাহন রাজধানী ঢাকাসহ দূরপাল্লার রুটগুলোতে চলাচল করতে পারছে না। আভ্যন্তরীণ রুটগুলোতেও যান চলাচল বন্ধ নেই। 

বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান বেলা পৌনে ১২টায় কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা পরিদর্শনের সময়ও বাস চলাচল বন্ধ দেখতে পান বলে জানান। 

বগুড়া মোটর মালিক গ্রুপের হিসাব অনুযায়ী আন্তঃজেলা ও আভ্যন্তরীণ রুটে প্রায় ৭০০ বাস চলাচল করে। তবে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দেওয়া তথ্য অনুযায়ী, এসব বাসের প্রায় ৯০ শতাংশেরই ফিটনেস নেই। এমনকি চালকদেরও লাইসেন্স নবায়ন করা হয়নি। ফলে নতুন সড়ক আইন কার্যকর হলে জেল-জরিমানা গুণতে হবে -এমন শঙ্কায় বগুড়ার পরিবহন শ্রমিকরা বুধবার থেকে সব রুটের বাস বন্ধ করে দেয়।

ঠনঠনিয়া’র এস আর ট্রাভেলস কাউন্টারের কর্মচারীরা জানিয়েছেন, বুধবার সকালে তাদের একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলেও সিরাজগঞ্জের সীমানা থেকে সেটি ফিরিয়ে দেওয়া হয়। তারপর থেকে সব পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। 

কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে মিজানুর রহমান নামে এক মাদ্রাসা ছাত্র জানান, দাদার মৃত্যুর খবর পেয়ে তিনি ঠাকুরগাঁয়ে তার গ্রামের বাড়ি যাওয়ার জন্য টার্মিনালে এসেছেন কিন্তু কোন যানবাহন না থাকায় কিভাবে বাড়ি যাবেন তা ভেবে কোন কুল-কিনারা পাচ্ছেন না। 

বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, তারা সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন। তিনি বলেন, ‘আমরা বিষয়গুলো আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

আরও পড়ুন

×