দুর্গাসাগরে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃতদেহ উদ্ধার
প্রতীকী ছবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ | ১০:১৯
বন্ধুদের সঙ্গে বাজি ধরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘিতে সাঁতার কাটতে গিয়ে ডুবে যাওয়া বিশ্ববিদ্যালয় ছাত্র হৃদয় আহমেদ হৃদয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার রাত ৯টার দিকে দীঘির তলদেশ থেকে মৃতদেহটি উদ্ধার করে। বেলা সাড়ে ১১টার দিকে দিঘীতে ডুবে গিয়েছিলেন তিনি।
বন্ধু-বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়ে বরিশাল নগরী থেকে প্রায় ১০ কিলোমিটার পশ্চিমে পর্যটনস্পট দুর্গাসাগরের দীঘিতে সাঁতার কাটতে নেমেছিলেন হৃদয়। তিনি নগরীর কাউনিয়া হাউজিং এলাকার মো. শাহআলমের ছেলে এবং ঢাকা আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ওসি এস.এম জাহিদ বিন আলম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর পর প্রশাসনের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
দুর্গাসাগরে দায়িত্বরত জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী মো. অলি জানান, দুই তরুণ ও এক তরুণী সকালে এক সঙ্গে দুর্গাসাগরে ঘুরতে আসেন। তারা দিঘীর দক্ষিণ পাড়ে অবস্থান নেন বেলা সাড়ে ১১টার দিকে দুই তরুণ-তরুণী এসে জানান- তাদের সঙ্গে থাকা হৃদয় আহমেদ সাঁতরে দিঘীর মাঝখানে থাকা দ্বীপে যাচ্ছিল। এখন তাকে পাওয়া যাচ্ছেনা।
তরুণ-তরুণীর বক্তব্যের বরাত দিয়ে মো. অলি বলেন, সাঁতার কেটে দিঘীর মাঝে থাকা দ্বীপে পৌছাতে হৃদয় তার সঙ্গীদের সঙ্গে ২ শ' টাকার বাজি ধরেছিলেন। পাড় থেকে দিঘীর দূরত্বের ৫ ভাগের ৩ ভাগ সাঁতার কাটার পরই তাকে দেখতে পাচ্ছিলেন না সঙ্গে থাকা তরুণ-তরুণী। প্রথমে তারা ধারণা করেছিলেন হৃদয় সাঁতার কেটে দ্বীপে পৌঁছে গেছে। রাতে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
- বিষয় :
- বরিশাল
