চাঁপাইনবাবগঞ্জে প্রতারক চক্রের প্রধান আটক
শিবগঞ্জ( চাপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ০০:৩৩
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিযান চালিয়ে বিদেশে যাবার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতকারী চক্রের প্রধান মো. মিলন আলী (৩৩) ওরফে সুমনকে আটক করেছে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল।
বুধবার রাতে উপজেলার কলেজ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মিলন আলী সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের বাঞ্ছাপাড়া লক্ষীপুর গ্রামের মহসীন আলীর ছেলে ।
বৃহস্পতিবার সকালে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার সজল কুমার সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান। তিনি আরও জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নের্তৃত্বে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান চালিয়ে উপজেলার কলেজ মোড় এলাকা থেকে মো. মিলন আলীকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে অগ্রণী ব্যাংক বারঘরিয়া শাখার তিনটি চেক বইয়ের মুড়ি, ১টি মাস্টারকার্ড, মোহাম্মদ শাহজাহান ও আহমেদ কাফি নামের দুজন ব্যক্তির পাসপোর্টের রঙিন ফটোকপি পাওয়া যায়।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে মিলন আলী বিদেশে যাওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
