কালীগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় শিশুর মৃত্যু
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ০৪:২২ | আপডেট: ২১ নভেম্বর ২০১৯ | ০৪:২৩
গাজীপুরের কালীগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় মো. হাবিব নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে হাবিবের মৃত্যু হয়।
হাবিব উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামে নানা ইসলাম কবিরাজের বাড়িতে থেকে লেখাপড়া করতো। সে পূবাইল এলাকার মাজুখান গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।
হাবিব ছৈলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-গ্রুপে লেখাপড়া করতো।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে হাবিবের নানী তাকে মুরগির মাংস দিয়ে তাকে ভাত খাওয়ায়। এরপর সে স্কুলে যায়। এর কিছুক্ষণ পর তার পেটে ব্যথা শুরু হলে সে কান্নাকাটি করতে থাকে। পরে শিক্ষকরা তার অভিভাবককে বিষয়টি জানালে তারা স্কুলে গিয়ে তাকে কালীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যেতে রওনা দেয়। আসার পথে ঘোড়াশাল ফেরিঘাট সংলগ্ন পৌছলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ফের কালীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এমরান খান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ায় শিশুটির মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মিজানুল হক বলেন, শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
- বিষয় :
- গাজীপুর
- বিষক্রিয়া
- শিশুর মৃত্যু
