বরিশালে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ০৫:১১
বরিশালের সদর উপজেলার চন্দ্রমোহন সংলগ্ন কালাবদর নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে জহির হাওলাদার (৩০) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনায় বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিখোঁজ জেলের সন্ধান পাওয়া যায়নি। তবে তার সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে।
নিখোঁজ জহির হাওলাদার চন্দ্রমোহন এলাকার আব্দুল গনি হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার রাতে হাসান নামে এক সঙ্গীকে নিয়ে নৌকায় করে কালাবদর নদীতে মাছ ধরতে যান জহির। ভোররাতে ঢাকা থেকে পটুয়াখালীগামী যাত্রীবাহী একটি লঞ্চ তাদের নৌকায় ধাক্কা দিলে নৌকাটি ভেঙে তলিয়ে যায়। এ সময় দু'জনই আঘাত পান। পরে হাসান সাঁতরে তীরে উঠতে পারলেও জহিরের খোঁজ পাওয়া যায়নি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পরিদর্শন করেন। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় নদীতে নিখোঁজ জেলের সন্ধান চালান। তবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জহিরের সন্ধান মেলেনি।
তিনি আরো জানান, নৌকাটিকে ধাক্কা দেওয়া লঞ্চটির নাম জানা যায়নি। আহত জেলে হাসানও লঞ্চটির নাম বলতে পারছে না। তবে লঞ্চটি শনাক্তের চেষ্টা চলছে।
- বিষয় :
- নৌকাডুবি
- জেলে নিখোঁজ
