জকিগঞ্জে সেই ইউপি সদস্য আটক
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ০৮:১৫ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:৩৩
সিলেটের জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য আব্দুস সালামের এক যুবকের ওপর চালানো বর্বর নির্যাতনের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য এবাদুর রহমানের বাড়িতে অনেক মানুষের উপস্থিতিতে এক যুবককে হাত-পা বেঁধে বাঁশের সঙ্গে ঝুলিয়ে বেধড়ক মারধর করছেন সালাম। নির্যাতনের শিকার যুবককে চিৎকার করে বাঁচার আকুতি করতে দেখা যায় ভিডিওতে।
এই ঘটনায় বৃহস্পতিবার সকালে ইউপি সদস্য এবাদুর রহমানসহ আনোয়ার হোসেন ও শাহজাহান নামে তিনজনকে তাদের বাড়ি থেকে আটক করে পুলিশ। এরপর সন্ধ্যায় কানাইঘাটের দনা বাজার এলাকা থেকে আটক করা হয় সালাম মেম্বারকে। এ নির্যাতনের ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় মামলা হয়েছে।
নির্যাতনের শিকার গিয়াস উদ্দিন (৩৫) কাজলসার ইউনিয়নের বড়বন্দ গ্রামের মৃত সফর আলীর ছেলে। তিনি জানান, শাহজাহান তার কাছ থেকে আড়াই হাজার টাকা ধার নিয়েছিলেন। ওই টাকা ফেরত না দেওয়ায় শাহজাহানের একটি মোবাইল ফোন নিয়ে নেন তিনি। ওই মোবাইল নেওয়াকে চুরি হিসেবে উল্লেখ করে শাহজাহান ও আনোয়ার তাকে ধরে এবাদ মেম্বারের বাড়িতে নিয়ে যায়। সেখানেই সালাম মেম্বার তার ওপর প্রায় দেড় ঘণ্টা ধরে নির্মম নির্যাতন চালান।
জকিগঞ্জ থানার ওসি মীর মো.আব্দুন নাসের জানান, ঘটনাটি প্রায় মাস তিনেক আগের। ভিডিওটি ইতিমধ্যে পুলিশের হাতে পৌঁছেছে। এছাড়াও সালাম মেম্বারের বিরুদ্ধে পুলিশ নানা অপরাধে জড়িত থাকার খবর পেয়েছে।
এ বিষয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, নির্যাতনের ভিডিওটি আগের হলেও আমরা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।
স্থানীয়দের অভিযোগ, সালাম মেম্বার গত ১০ নভেম্বর আটগ্রামের আশ্রয়নকেন্দ্রের বাসিন্দা আব্দুল মান্নান বিতুলকে পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে বিষয়টিতে আত্মহত্যা বলে চালিয়ে দেন। এ ঘটনায় বুতুলের চাচাত ভাই শাকিল আহমদ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করলেও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। লিখিত অভিযোগে বলা হয়, সালাম মেম্বার আশ্রয়নকেন্দ্রটি তার কব্জায় রেখে নারী ও মাদকের আখড়ায় পরিণত করেছেন। পুলিশের সঙ্গেও রয়েছে তার সখ্য। কেউ তার অপকর্মের প্রতিবাদ করলে তাদের বিভিন্নভাবে শায়েস্তা করা হয়। ইতিপূর্বে এক অভিযোগকারীকে মারধর করে বসত ঘরে আগুন দিয়ে তার স্ত্রী ও সন্তানকে মেরে ফেলা হয়েছে।
জকিগঞ্জ আশ্রয়কেন্দ্রের একাধিক বাসিন্দা জানান, আশ্রয়কেন্দ্রের একটি ঘর প্রায় ছয় বছর ধরে দখলে সেখানে নারী রেখে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছেন সালাম। সরকারি জায়গা ও কেন্দ্রের পুকুর দখল করে তার অপকর্মের বাধ্যগতদের মাঝে বিতরণ করে দিয়েছেন। আশ্রয়নকেন্দ্রের অনেক নারীর তার কুদৃষ্টি থেকে রেহাই পায়নি। সংখ্যালঘু পরিবারের এক সদস্য জানান,সালাম মেম্বারের নির্যাতনে তার ভাই ১০ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছেন।
- বিষয় :
- নির্যাতন
- ভিডিও ভাইরাল
- আটক
- ইউপি সদস্য
